“এটি একটি অদ্ভুত যন্ত্র,” অফিসার অভিযাত্রীকে বললেন, মুগ্ধ দৃষ্টিতে যন্ত্রটির দিকে তাকিয়ে। যন্ত্রের খুঁটিনাটি সম্পর্কে তিনি খুব ভালোরকমই জানতেন। অভিযাত্রী, মনে হচ্ছিল, কেবল সৌজন্যবশতই কমান্ড্যান্টের আমন্ত্রণ রক্ষা করতে এসেছেন—যিনি তাঁকে এক সৈনিকের মৃত্যুদণ্ডে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছিলেন। সৈনিকটি অবাধ্যতা দেখানো এবং ঊর্ধ্বতনকে অপমান করার অপরাধে দণ্ডিত হয়েছিল। এই মৃত্যুদণ্ডের প্রতি আগ্রহ সম্ভবত উপনিবেশে খুব বেশি ছিল না।
এছাড়াও এখানে, এই গভীর, বালুকাময়, চারপাশে উষর খাড়া পর্বতশ্রেণী দিয়ে ঘেরা ছোট উপত্যকায়, অফিসার এবং অভিযাত্রী ছাড়া উপস্থিত ছিল কেবল দণ্ডিত—নীরব, চওড়া চোয়াল আর রুক্ষ চুল-মুখ বিশিষ্ট একজন—এবং একজন সৈনিক, যে ভারী শিকল ধরে রেখেছিল। সেই শিকলের সঙ্গে সংযুক্ত ছোট ছোট শিকলগুলো দণ্ডিতের পা, কব্জি এবং ঘাড় বেঁধে রেখেছিল।
প্রসঙ্গক্রমে, দণ্ডিতটি এতটাই শৃঙ্খলাবদ্ধ ও আনুগত্যপূর্ণ মনে হচ্ছিল যে, তাকে অবাধে ঘোরাফেরার অনুমতি দিলেও মৃত্যুদণ্ড কার্যকর করার সময় কেবল একটি শিস দিলেই সে যেন এসে উপস্থিত হতো।
অভিযাত্রীর আগ্রহ যন্ত্রটির প্রতি তেমন ছিল না; তিনি দণ্ডিতের পেছনে লক্ষ্যহীনভাবে হেঁটে বেড়াচ্ছিলেন। এ সময় অফিসার চূড়ান্ত প্রস্তুতির জন্য কখনও যন্ত্রের নিচের অংশে হামাগুড়ি দিচ্ছিলেন, আবার কখনও সিঁড়ি বেয়ে উঠছিলেন উপরের অংশ পরীক্ষা করতে। এগুলো প্রকৃতপক্ষে এমন কাজ যা একজন যন্ত্রচালকের হাতে ছেড়ে দেওয়া যেত। কিন্তু অফিসার এগুলো অত্যন্ত উদ্দীপনার সঙ্গে করছিলেন—হয়তো তিনি যন্ত্রটির বিশেষ অনুরাগী ছিলেন, হয়তো বা এই কাজ আর কারোর ওপর অর্পণ করা যেত না।
“এখন সবকিছু প্রস্তুত!” অবশেষে ঘোষণা করলেন তিনি এবং সিঁড়ি বেয়ে নামলেন। ক্লান্ত মনে হচ্ছিল তাঁকে, নিঃশ্বাস ফিরে পেতে জোরে জোরে হাঁপাচ্ছিলেন। তাঁর ইউনিফর্মের কলারের তলা থেকে দুটি মেয়েদের রুমাল উঁকি মারছিল।
“এই ইউনিফর্মগুলো গ্রীষ্মপ্রধান অঞ্চলের জন্য বেশ ভারী,” বললেন অভিযাত্রী, অফিসারের আশা অনুযায়ী যন্ত্রটি সম্পর্কে প্রশ্ন করার বদলে।
“ঠিকই,” পাশে রাখা জলের বালতিতে হাত ডুবিয়ে তেলকালি আর গ্রীস ধুতে ধুতে অফিসার বললেন, “কিন্তু এগুলো আমাদের মাতৃভূমির কথা মনে করিয়ে দেয় আর আমরা আমাদের মাতৃভূমিকে হারাতে চাই না। —এখন দেখুন এই যন্ত্রটি,” সঙ্গে সঙ্গে যোগ করলেন তিনি, হাতে থাকা তোয়ালে দিয়ে হাত মুছলেন এবং একই সঙ্গে যন্ত্রটির দিকে ইঙ্গিত করলেন। “এ পর্যন্ত যন্ত্রটি ছিল হস্তচালিত, কিন্তু এখন থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে।” অভিযাত্রী মাথা নাড়লেন এবং অফিসারের পেছনে এগিয়ে চললেন। অফিসার সম্ভাব্য অঘটন থেকে যন্ত্রটিকে সুরক্ষিত রাখার চেষ্টা করছিলেন। তিনি বললেন, “স্বাভাবিকভাবেই, কখনও কখনও কলকব্জা বিগড়ে যায়। তবে আশা করি এটি আজ ঘটবে না। তা সত্ত্বেও সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যায় না। যন্ত্রটির একটানা বারো ঘন্টা চলার কথা। গণ্ডগোল যদি কিছু ঘটেও তা হবে মামুলি ধরনের এবং তা দ্রুত মেরামতও করে ফেলা যাবে।”
“কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন?” এতক্ষণ পরে অবশেষে বেতের চেয়ারের স্তূপ থেকে একটা চেয়ার বার করে অভিযাত্রীর দিকে এগিয়ে দিতে দিতে তিনি বললেন। অভিযাত্রী তা প্রত্যাখ্যান করতে পারলেন না। তিনি একটি গর্তের উপর এক লহমা দৃষ্টি বুলিয়ে এর ধারে চেয়ারটি টেনে নিয়ে বসে পড়লেন। গর্তটি খুব গভীর ছিল না। এর এক পাশে খননকৃত মাটি একটি প্রাচীরের মতো জমা করা ছিল, আর অন্য পাশে দাঁড়িয়ে ছিল যন্ত্রটি।
“আমি জানি না,” অফিসার বললেন, “কমান্ড্যান্ট ইতিমধ্যে আপনাকে যন্ত্রটির বিষয়ে বিশদে ব্যাখ্যা করেছেন কিনা?” অভিযাত্রী হাত নাড়লেন, কিন্তু অস্পষ্টভাবে। অফিসারের পক্ষে এটাই ছিল পর্যাপ্ত; এখন তিনি নিজেই যন্ত্রটি ব্যাখ্যা করতে পারবেন।
“এই যন্ত্রটি,” একটি সংযোগকারী দণ্ড ধরে গায়ে ঠেস দিয়ে বললেন, “আমাদের আগের কমান্ড্যান্টের আবিষ্কার। একেবারে প্রথম পরীক্ষা থেকে শুরু করে পুরো কাজ শেষ হওয়া পর্যন্ত, সমস্ত কাজেই আমি জড়িয়ে ছিলাম। তবে এই আবিষ্কারের কৃতিত্ব পুরোপুরি তাঁরই। আপনি কী আমাদের আগের কমান্ড্যান্ট সম্পর্কে কিছু শুনেছেন? শোনেননি? আচ্ছা। একটুও বাড়িয়ে বলছি না, পুরো উপনিবেশের পরিকল্পনা এবং প্রতিষ্ঠা তাঁরই সৃষ্টি। আমরা, তাঁর বন্ধুরা, তাঁর মৃত্যুর সময় থেকেই জানতাম যে উপনিবেশের ব্যবস্থা এতটাই সুসংবদ্ধ যে তাঁর উত্তরসূরি—মাথায় হাজার নতুন পরিকল্পনা থাকলেও—অন্তত অনেক বছর পর্যন্ত পুরনো ব্যবস্থার কিছুই বদলাতে পারবে না। আমাদের পূর্বাভাসও সত্যি হয়েছে; নতুন কমান্ড্যান্টকে এটি স্বীকার করতে হয়েছে। আহা, যদি আগের কমান্ড্যান্টকে চিনতেন!”
“তবে,” অফিসার নিজেই নিজের কথার অনুক্রমে বিঘ্ন ঘটিয়ে বললেন, “আমি কথা বলে চলেছি আর তাঁর নিখুঁত যন্ত্রটি এই রয়েছে দাঁড়িয়ে ঠিক এখানে আমাদের সবার চোখের সামনে। আপনি দেখতে পাচ্ছেন, এটি তিনটি অংশ নিয়ে গঠিত। সময়ের সাথে সাথে, প্রত্যেকটি অংশের নাম সহজ নিয়মে জনপ্রিয় হয়ে উঠেছে। নিচের অংশটিকে বলা হয় ‘শয্যা’, উপরের অংশকে ‘শিলালিপিকার’ আর মাঝখানের এই চলমান অংশটিকে বলা হয় ‘ফাল’।
“ফাল?” অভিযাত্রী জিজ্ঞেস করলেন। তিনি মনোযোগ ধরে রাখতে পারছিলেন না। ছায়াহীন উপত্যকায় আটকে পড়া সূর্যের তাপ ছিল অত্যধিক চড়া। এই প্রবল তাপদাহে চিন্তার শৃঙ্খল এমনিই হয়ে পড়ে এলোমেলো। বরং তাঁর কাছে আরও বিস্ময়কর মনে হচ্ছিল অফিসারকে—কাঁধে ও বুকে সামরিক পদমর্যাদার ভারী ভারী তকমা আর তাদের চারপাশে রেশমগুচ্ছের কারুকার্য, আঁটসাঁট সেনার পুরু পোশাক—যে এত উৎসাহের সঙ্গে নিজের কথা ব্যাখ্যা করছেন; আর কথা বলতে বলতেই হাতে একটি স্ক্রু-ড্রাইভার নিয়ে এখানে-ওখানে কোনো না কোনো স্ক্রু ঘুরিয়ে দিচ্ছেন।
সৈনিকের অবস্থাও অনেকটা অভিযাত্রীর মতোই মনে হচ্ছিল। তার দুই কব্জির চারপাশে পেঁচানো দণ্ডিত ব্যক্তির শেকলের অগ্রভাগ। একটি হাত রাইফেলে রেখে কোনোরকমে নিজের শরীরকে রেখেছিলেন কাত করে। তার মাথা পিছনে নুয়ে পড়েছিল। চারপাশের ব্যাপার-স্যাপার নিয়ে কোনোরকম আগ্রহ তার ছিল না।
এতে অভিযাত্রী অবাক হলেন না। কারণ অফিসার ফরাসি ভাষায় কথা বলছিলেন, আর ফরাসি নিশ্চয়ই সৈনিক বা দণ্ডিত কেউই বোঝে না। তবে আরও নজরকাড়া ছিল, দণ্ডিত লোকটি অফিসারের ব্যাখ্যা অনুসরণ করার চেষ্টা করছিল। একরকম তন্দ্রাচ্ছন্ন একগুঁয়েমি নিয়ে সে বারবার সেই দিকেই তাকাচ্ছিল, যেদিকে অফিসার ইঙ্গিত করছিলেন। আর এখন, যখন অভিযাত্রী প্রশ্ন করে অফিসারকে থামালেন, তখন অফিসারের মতো সেও অভিযাত্রীর দিকে তাকাল।
"হ্যাঁ, ফাল," অফিসার বললেন, “নামটি বেশ মানায়। সূঁচগুলি ফালের দাঁতের মতো করেই সাজানো এবং পুরো যন্ত্রটিও ফালের মতোই চালানো হয়—যদিও একই জায়গায় স্থির রেখে এবং অনেক বেশি সূক্ষ্ম কৌশলে। আপনি অবশ্যই একটু পরেই তা বুঝতে পারবেন। এই যে শয্যা—এখানেই দণ্ডিতকে শোয়ানো হবে। আমি আগে যন্ত্রটির বর্ণনা দেব, তারপরই প্রক্রিয়াটি নিজে সম্পন্ন হতে দেব। তাহলে আপনি প্রক্রিয়াটি আরও সহজে অনুসরণ করতে পারবেন। এছাড়া শিলালিপিকার-এর ভেতরের একটি দাঁতালো চাকা অনেকটা ক্ষয়ে গেছে—চলার সময় বেশ জোরালো কর্কশ শব্দ করে। তখন প্রায় কথা বলে যোগাযোগ করাই যায় না। দুঃখের বিষয়, এখানে বিকল্প যন্ত্রাংশ পাওয়াও খুব কঠিন। এই যে শয্যা, যেমনটি আমি বলছিলাম, এটি সম্পূর্ণ তুলোর একটি স্তর দিয়ে ঢাকা। এর উদ্দেশ্য আপনি পরে জানতে পারবেন। এই তুলোর উপরেই দণ্ডিতকে উপুড় করে শোয়ানো হবে—অবশ্যই নগ্ন অবস্থায়। এই যে—হাতের জন্য, এখানে পায়ের জন্য, আর এখানে গলার জন্য চামড়ার বেল্ট আছে—যাতে তাকে শক্ত করে বেঁধে রাখা যায়। এই যে শয্যার মাথার দিকটায়—যেখানে, যেমন বলেছি, লোকটি প্রথমে মুখ নামিয়ে শুয়ে থাকবে—সেখানে আছে এই ছোট মোটা নরম কাপড়ের গোঁজটি, যেটিকে এমনভাবে ঠিক করা যায় যে তা সোজা লোকটির মুখের ভেতরে ঢুকে যাবে। এর উদ্দেশ্য হলো তাকে চিৎকার করা এবং নিজের জিভ কামড়ে ফেলা থেকে বিরত রাখা। অবশ্যই লোকটিকে এই গোঁজটি মুখে নিতে হবে, নইলে গলার বেল্টের টানে তার ঘাড় ভেঙে যাবে।”
“এটা কি তুলো?” সামনের দিকে ঝুঁকে অভিযাত্রী জিজ্ঞেস করলেন।
“অবশ্যই,” অফিসার হেসে বললেন, “আপনি নিজেই ছুঁয়ে দেখুন।”
তিনি অভিযাত্রীর হাত ধরে শয্যার ওপর বুলিয়ে দিলেন। “এটি বিশেষভাবে প্রস্তুত করা তুলো, তাই এটিকে এমন অচেনা দেখাচ্ছে। এর উদ্দেশ্য নিয়ে আমি পরে আবার বলব।”
ইতিমধ্যে যন্ত্রের প্রতি অভিযাত্রীর আগ্রহ কিছুটা বেড়েছে। সূর্যের আলো ঠেকাতে তিনি হাতটি চোখের ওপর তুলে ধরে যন্ত্রের উপরের অংশের দিকে তাকালেন। এটি ছিল এক বিশাল যন্ত্রকাঠামো। শয্যা আর শিলালিপিকার অংশের পরিধি ছিল সমান, আর দুটোই দেখতে ছিল যেন দুটি কালো সিন্দুকের মতো। শিলালিপিকার অংশটি শয্যা থেকে প্রায় দুমিটার উপরে স্থাপন করা ছিল। চার কোণে চারটি পিতলের দণ্ড দিয়ে দুটিকে যুক্ত করা ছিল, যেগুলো সূর্যের আলোয় প্রায় ঝলমল করছিল। দুটি সিন্দুকের মাঝখানে একটি ইস্পাতের ফিতায় ফালটি ঝুলে ছিল।
অফিসার অভিযাত্রীর আগের ঔদাসীন্য প্রায় টেরই পাননি; কিন্তু এখন যে তাঁর আগ্রহ জেগে উঠতে শুরু করেছে, তা তিনি ভালোই বুঝতে পারলেন। তাই তিনি ব্যাখ্যা মাঝপথে থামিয়ে দিলেন, যাতে অভিযাত্রী নির্বিঘ্নে যন্ত্রটি কিছুক্ষণ দেখে নিতে পারেন। দণ্ডিত লোকটিও অভিযাত্রীর ভঙ্গি অনুকরণ করল; যেহেতু সে চোখের উপর হাত রাখতে পারছিল না, তাই খোলা চোখেই উপরদিকে তাকিয়ে চোখ কুঁচকে দেখতে লাগল।
“তাহলে লোকটিকে শুইয়ে দেওয়া হয়েছে,” অভিযাত্রী বললেন, চেয়ারে হেলান দিয়ে আর পায়ের উপর পা তুলে।
“হ্যাঁ,” অফিসার বললেন। তিনি টুপিটা একটু পিছিয়ে উত্তপ্ত মুখের উপর হাত বুলিয়ে নিলেন। “এখন শুনুন! শয্যা আর ‘শিলালিপিকার’—দুটোরই নিজস্ব বৈদ্যুতিক ব্যাটারি আছে; শয্যা নিজের কাজের জন্য তা ব্যবহার করে, আর শিলালিপিকার ব্যবহার করে ফালের জন্য। লোকটিকে শক্ত করে বেঁধে দেওয়া মাত্রই শয্যাটি চলতে শুরু করে। এটি অতি সূক্ষ্ম, অথচ অত্যন্ত দ্রুত ঝাঁকুনিতে কাঁপতে থাকে—একসঙ্গে পাশের দিকে এবং ওপর-নিচে। আপনি নিশ্চয়ই চিকিৎসালয়ে এরকম যন্ত্র আগে দেখেছেন; তবে আমাদের শয্যার ক্ষেত্রে সব নড়াচড়াই অত্যন্ত নিখুঁতভাবে হিসাব করা। কারণ এগুলোকে ফালের নড়াচড়ার সঙ্গে একেবারে নির্ভুলভাবে মিলিয়ে নিতে হয়। আর এই ফালের উপরেই ন্যস্ত রয়েছে রায় কার্যকর করার প্রকৃত কাজটি।”
“রায়টা কী?” অভিযাত্রী জিজ্ঞেস করলেন।
“আপনি সেটাও জানেন না?” বিস্মিত হয়ে ঠোঁট কামড়ে অফিসার বললেন। “আমাকে ক্ষমা করবেন, যদি আমার ব্যাখ্যাগুলো একটু এলোমেলো হয়ে থাকে; আমি সত্যিই দুঃখিত। আগে এই ব্যাখ্যাগুলো সাধারণত কমান্ড্যান্ট নিজেই দিতেন; কিন্তু নতুন কমান্ড্যান্ট এই সম্মানজনক দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন; তবু যে তিনি এমন এক উচ্চপদস্থ অতিথিকে—(অভিযাত্রী দুহাতে সেই সম্বোধন ঠেকাতে চেষ্টা করলেন, কিন্তু অফিসার তাতে অনড় রইলেন)—এমন এক উচ্চপদস্থ অতিথিকে আমাদের রায়ের ধরন সম্পর্কেও অবহিত করেন না, এটাও আবার এমন এক নতুন প্রথা, যা—” তার ঠোঁটে যেন এক মুহূর্তের জন্য গালাগাল এসে গিয়েছিল, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে শুধু বললেন—“এ বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি; এতে আমার কোনো দোষ নেই। তবে আমাদের শাস্তি-পদ্ধতি ব্যাখ্যা করার জন্য আমিই বোধহয় সবচেয়ে উপযুক্ত, কারণ আমি এখানে”—(তিনি নিজের বুকের পকেটে হাত ঠুকলেন)—“আগের কমান্ড্যান্টের নিজের হাতে আঁকা নকশাগুলো সঙ্গে করে নিয়ে চলি।”
“কমান্ড্যান্টের নিজের হাতে আঁকা নকশা?” অভিযাত্রী জিজ্ঞেস করলেন। “তবে কী তিনি সব গুণই নিজের মধ্যে ধারণ করতেন? তিনি কী একই সঙ্গে সৈনিক, বিচারক, নির্মাতা, রসায়নবিদ এবং অঙ্কনকারও ছিলেন?”
“বিলক্ষণ,” মাথা নেড়ে বললেন অফিসার, স্থির ও চিন্তামগ্ন দৃষ্টিতে। তারপর তিনি নিজের হাত দুটো পরীক্ষা করে দেখলেন; নকশাগুলো ছোঁয়ার জন্য সেগুলো যেন তাঁর কাছে যথেষ্ট পরিষ্কার বলে মনে হচ্ছিল না; তাই তিনি জলভরা বালতির কাছে গিয়ে আবার হাত ধুয়ে নিলেন। তারপর তিনি বুকপকেট থেকে একটি ছোট চামড়ার ফোল্ডার বের করলেন এবং বললেন—“আমাদের রায় শুনতে খুব কঠোর মনে হয় না। দণ্ডিত ব্যক্তি যে আদেশটি লঙ্ঘন করেছে, সেই আদেশটিই ফাল দিয়ে তার শরীরে লেখা হয়। উদাহরণস্বরূপ, এই দণ্ডিতের ক্ষেত্রেই,”—অফিসার লোকটির দিকে ইঙ্গিত করলেন—“তার শরীরে লেখা হবে—তোমার ঊর্ধ্বতনকে সম্মান করো!”
অভিযাত্রী দণ্ডিতের দিকে একবার চোখ বুলিয়ে নিলেন। অফিসার যখন তার দিকে ইঙ্গিত করেছিলেন, তখন লোকটি মাথা নিচু করে রেখেছিল এবং যেন সমস্ত শ্রবণশক্তি একত্র করে কিছু বোঝার চেষ্টা করছিল। কিন্তু তার মোটা, শক্ত করে চেপে থাকা ঠোঁটের নড়াচড়া স্পষ্টই জানিয়ে দিচ্ছিল যে সে কিছুই বুঝতে পারছে না। অভিযাত্রী অনেক কিছু জিজ্ঞেস করতে চেয়েছিলেন, কিন্তু লোকটিকে দেখে কেবল এইটুকুই জিজ্ঞেস করলেন—“ও কি তার রায় জানে?”
“না,” বললেন অফিসার এবং সঙ্গে সঙ্গেই আবার ব্যাখ্যা শুরু করতে চাইলেন। কিন্তু অভিযাত্রী তাঁকে থামিয়ে দিলেন। “ও কি নিজের রায়ই জানে না?”
“না,” আবার বললেন অফিসার। তারপর এক মুহূর্ত থেমে রইলেন, যেন অভিযাত্রীর প্রশ্নের আরও স্পষ্ট কারণ শুনতে চান। তারপর বললেন—“ওকে তা জানিয়ে দেওয়া নিরর্থক। ও তো তা নিজের শরীরেই জানতে পারবে।”
অভিযাত্রী তখন চুপ করে যেতে যাচ্ছিলেন, এমন সময় তিনি অনুভব করলেন দণ্ডিত লোকটি তাঁর দিকে তাকিয়েছে। যেন সে জানতে চাইছে—এই যে বর্ণনা করা হচ্ছে, অভিযাত্রী কী সেটা বুঝতে পারছেন। তাই অভিযাত্রী, যিনি ইতিমধ্যে চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন, আবার সামনে ঝুঁকে আরেকটি প্রশ্ন করলেন—“কিন্তু অন্তত এটুকু তো সে জানে যে তাকে দণ্ডিত করা হয়েছে?”
“সেটাও না,” বললেন অফিসার এবং অভিযাত্রীর দিকে তাকিয়ে হাসলেন, যেন এখন তিনি তাঁর কাছ থেকে আরও কিছু অদ্ভুত প্রশ্নের প্রত্যাশা করছেন।
“না,” কপালে হাত বুলিয়ে বললেন অভিযাত্রী, “তাহলে লোকটি এখনও জানে না যে তার আত্মপক্ষসমর্থন কীভাবে গ্রহণ করা হয়েছে?”
“তার আত্মপক্ষসমর্থনের কোনো সুযোগই নেই,” বললেন অফিসার এবং একটু পাশ ফিরে তাকালেন, যেন তিনি নিজের সঙ্গেই কথা বলছেন এবং এমন স্বাভাবিক বিষয় বর্ণনা করে অভিযাত্রীকে বিব্রত করতে চান না।
“কিন্তু তার তো আত্মপক্ষসমর্থনের সুযোগ থাকা উচিত,” চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন অভিযাত্রী।
অফিসার বুঝতে পারলেন যে যন্ত্রটির ব্যাখ্যা করতে গিয়ে তিনি অনেকক্ষণ আটকে পড়তে পারেন। তাই তিনি অভিযাত্রীর কাছে এগিয়ে গেলেন, তাঁর বাহুতে হাত রাখলেন, হাত তুলে দণ্ডিত লোকটির দিকে ইশারা করলেন—যে এখন, দৃষ্টি তার ওপর পড়েছে বুঝতে পেরে, সোজা হয়ে দাঁড়িয়েছে; সৈনিকটিও শিকল টেনে ধরেছে—এবং বললেন, “ব্যাপারটা মোটামুটি এই রকম। এখানে এই দণ্ডউপনিবেশে আমাকে বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছে—যদিও আমি তরুণ। কারণ আমি আগের কমান্ড্যান্টের সঙ্গে সব বিচারসংক্রান্ত ব্যাপারেই কাজ করেছি, আর এই যন্ত্রটিকেও সবচেয়ে ভালো জানি। আমি যে নীতির ভিত্তিতে বিচার করি তা হলো: অপরাধ সবসময়ই সন্দেহাতীত। অন্য আদালতগুলো এই নীতি অনুসরণ করতে পারে না, কারণ সেখানে অনেক বিচারক থাকে এবং তাদের উপরে আবার উচ্চতর আদালতও থাকে। এখানে তা নয়—অথবা অন্তত আগের কমান্ড্যান্টের সময় ছিল না। নতুন কমান্ড্যান্ট অবশ্য মাঝে মাঝে আমার বিচারে হস্তক্ষেপ করার ইচ্ছা দেখিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আমি তাকে ঠেকিয়ে রাখতে পেরেছি, ভবিষ্যতেও পারব।”
“আপনি এই মামলার ব্যাখ্যা জানতে চেয়েছিলেন। এটি অন্য সব মামলার মতোই সহজ। আজ সকালে এক ক্যাপ্টেন আমার কাছে অভিযোগ করেছেন যে এই লোকটি—যাকে তাঁর ব্যক্তিগত পরিচারক হিসেবে নিয়োগ করা হয়েছিল আর যে তাঁর দরজার সামনে ঘুমায়—ডিউটির সময় ঘুমিয়ে পড়েছিল। তার দায়িত্ব ছিলো প্রতি ঘণ্টায় ঘণ্টা বাজলে উঠে গিয়ে ক্যাপ্টেনের দরজার সামনে দাঁড়িয়ে স্যালুট করা। কাজটা মোটেই কঠিন নয়, তবু প্রয়োজনীয়—কারণ তাকে একই সঙ্গে পাহারা ও সেবার কাজে সতেজ থাকতে হবে। গতরাতে ক্যাপ্টেন দেখতে চেয়েছিলেন তার পরিচারক কর্তব্য পালন করছে কি না। রাত দুটোর ঘণ্টা বাজার সময় তিনি দরজা খুললেন এবং দেখলেন লোকটি কুঁকড়ে ঘুমিয়ে আছে। তিনি তাঁর ঘোড়সওয়ারির চাবুক এনে লোকটির মুখে আঘাত করলেন। কিন্তু লোকটি উঠে ক্ষমা চাইবার বদলে নিজের প্রভুর পা চেপে ধরল, তাঁকে ঝাঁকাতে লাগল এবং চিৎকার করে বলল—‘চাবুকটা ফেলে দাও, না হলে তোমাকেই আমি খেয়ে ফেলব!’ এই হলো ঘটনাটা। ক্যাপ্টেন এক ঘণ্টা আগে আমার কাছে এসেছিলেন। আমি তাঁর বয়ান লিখে নিলাম এবং সঙ্গে সঙ্গেই রায়ও লিখে ফেললাম। তারপর লোকটিকে শিকল পরানোর আদেশ দিলাম। সবকিছুই খুব সহজ ছিল। যদি আমি প্রথমে লোকটিকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করতাম, তাহলে শুধু গোলমালই বাড়ত। সে মিথ্যে বলত। যদি আমি সেই মিথ্যে ধরেও ফেলতাম, সে আবার নতুন মিথ্যে বলত—এভাবেই চলত। কিন্তু এখন আমি তাকে ধরে রেখেছি, আর ছাড়বও না। এখন কী সব পরিষ্কার? কিন্তু সময় তো চলে যাচ্ছে। ইতিমধ্যে দণ্ডপ্রয়োগ শুরু হয়ে যাওয়ার কথা, আর আমি এখনও যন্ত্রটির ব্যাখ্যা শেষ করতে পারিনি।”
তিনি অভিযাত্রীকে আবার চেয়ারে বসতে বাধ্য করলেন, নিজে যন্ত্রটির কাছে ফিরে গেলেন এবং বলতে শুরু করলেন—“দেখতেই পাচ্ছেন, ফালটি মানুষের শরীরের আকৃতির সঙ্গে মিলিয়ে বানানো হয়েছে। এখানে ধড়ের জন্য ফাল, এখানে পায়ের জন্য ফাল। মাথার জন্য আছে কেবল এই ছোট্ট সূঁচ। বুঝতে পারছেন?” তিনি বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে অভিযাত্রীর দিকে ঝুঁকে পড়লেন—যেন প্রয়োজনে আরও বিস্তারিত ব্যাখ্যা দিতে প্রস্তুত।
অভিযাত্রী কপাল কুঁচকে ফালটির দিকে তাকালেন। বিচারপ্রক্রিয়া সম্পর্কে যে ব্যাখ্যা তিনি শুনেলেন, তাতে তিনি সন্তুষ্ট হননি। তবু তিনি নিজেকে বোঝালেন যে এটি একটি দণ্ডউপনিবেশ; এখানে বিশেষ ব্যবস্থা প্রয়োজন এবং এখানে সবকিছু শেষ পর্যন্ত সামরিক নিয়মেই পরিচালিত হতে হয়। তাছাড়া নতুন কমান্ড্যান্টকে নিয়েও তাঁর কিছু আশা ছিল—যিনি স্পষ্টতই, যদিও ধীরে, এমন এক নতুন পদ্ধতি চালু করতে চাইছেন যা এই অফিসারের সীমিত বুদ্ধিতে ঢুকছে না। এই ভাবনার সূত্র ধরেই অভিযাত্রী প্রশ্ন করলেন—“কমান্ড্যান্ট কি শাস্তি কার্যকর হওয়ার সময় উপস্থিত থাকবেন?”
“নিশ্চিত নয়,” বললেন অফিসার। হঠাৎ করা এই প্রশ্নে তিনি কিছুটা অস্বস্তিতে পড়েছিলেন আর তাঁর আগের বন্ধুসুলভ মুখভঙ্গি বিকৃত হয়ে গিয়েছিল। “এই কারণেই আমাদের তাড়াতাড়ি করতে হবে। এমনকি, দুঃখের সঙ্গে বলছি, আমাকে আমার ব্যাখ্যাগুলো সংক্ষিপ্তও করতে হবে। তবে কাল, যখন যন্ত্রটি আবার পরিষ্কার করা হবে—এটা এত নোংরা হয়ে যায়, সেটাই এর একমাত্র ত্রুটি—তখন আমি বাকি বিস্তারিত ব্যাখ্যাগুলো দিতে পারব। আপাতত শুধু প্রয়োজনীয় কথাগুলোই বলছি।
লোকটিকে যখন শয্যার ওপর শুইয়ে দেওয়া হবে এবং সেটি কাঁপতে শুরু করবে, তখন ফালটি শরীরের উপর নামিয়ে আনা হবে। এটি নিজে থেকেই এমনভাবে ঠিক হয়ে যায় যে এর সূঁচগুলো কেবলমাত্র শরীরকে সামান্য স্পর্শ করবে। এই সমন্বয় সম্পন্ন হওয়া মাত্রই এই ইস্পাতের তারটি টানটান হয়ে দণ্ডের মতো শক্ত হয়ে যাবে।। এরপর শুরু হবে আসল খেলা। যারা এ বিষয়ে অবগত নয়, তাদের চোখে দণ্ডপ্রয়োগের ধরনে কোনো দৃশ্যমান পার্থক্য ধরা পড়বে না। ফালটি একটানা একই ছন্দে কাজ করতে থাকবে। কাঁপতে কাঁপতে ফালের সূঁচগুলো শরীরে বিঁধতে থাকবে—আর শরীরটিও শয্যার কম্পনে কাঁপতে থাকবে।
এখন যাতে প্রত্যেকে রায় কার্যকর করার প্রক্রিয়াটি নিজের চোখে যাচাই করতে পারে, সে জন্য ফালটিকে কাচ দিয়ে তৈরি করা হয়েছে। এর ভেতরে সূঁচগুলো বসাতে কিছু প্রযুক্তিগত সমস্যা হয়েছিল, কিন্তু বহু পরীক্ষা-নিরিক্ষার পর আমরা তা সমাধান করতে পেরেছি। এ কাজে আমরা কোনো কসুর করিনি। এখন কাচের ভেতর দিয়ে যে কেউ দেখতে পাবে—কীভাবে লেখাটি শরীরের মধ্যে খোদাই হয়ে যাচ্ছে।
আপনি কি একটু কাছে এসে সূঁচগুলো দেখতে চান না?”
অভিযাত্রী ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, এগিয়ে গিয়ে ফালটির উপর ঝুঁকে পড়লেন।
— “দেখছেন,” অফিসার বললেন, “নানান বিন্যাসে দুরকম সূঁচ বসানো আছে। প্রতিটি লম্বা সূচের পাশে একটি ছোট সূঁচ। লম্বাটি লেখে, আর ছোটটি জল ছিটিয়ে দেয়—যাতে রক্ত ধুয়ে যায় এবং লেখাটি সবসময় পরিষ্কার থাকে। তারপর রক্তমিশ্রিত জলটি এখানে ছোট ছোট নালায় গিয়ে পড়ে, আর শেষে এই প্রধান নালায় এসে জমে; এর নিষ্কাশন-নলটি আবার সোজা ওই গর্তের মধ্যে গিয়ে পড়ে।”
অফিসার আঙুল দিয়ে ঠিক সেই পথটি দেখিয়ে দিলেন, যেদিক দিয়ে রক্তমিশ্রিত জলটি প্রবাহিত হওয়ার কথা। বিষয়টিকে যতটা সম্ভব স্পষ্ট করে দেখানোর জন্য যখন তিনি নিষ্কাশন-নলের মুখে দুহাত পেতে যেন জলটিকে ধরে দেখালেন, তখন অভিযাত্রী মাথা তুললেন এবং হাত পিছনে বাড়িয়ে নিজের চেয়ারের দিকে ফিরে যেতে চাইলেন।
ঠিক তখনই তিনি আতঙ্কে দেখলেন—দণ্ডিত লোকটিও অফিসারের আহ্বান মেনে ফালের কাঠামোটা কাছ থেকে দেখতে এগিয়ে এসেছে। সে আধঘুমে ঢুলতে থাকা সৈন্যটিকে শিকলের টানে একটু সামনে টেনে এনেছে এবং নিজেও কাচের উপর ঝুঁকে পড়েছে। দেখা গেল, অনিশ্চিত চোখে সে খুঁজে চলেছে সেই জিনিসটিই, যা এইমাত্র দুই ভদ্রলোক পর্যবেক্ষণ করছিলেন—কিন্তু ব্যাখ্যা না থাকায় সে কিছুই বুঝে উঠতে পারছিল না। কখনো এদিকে, কখনো ওদিকে ঝুঁকে পড়ছিল; বারবার কাচের উপর চোখ বুলিয়ে নিচ্ছিল।
অভিযাত্রী তাকে সরিয়ে দিতে চাইলেন—কারণ সে যা করছে তা সম্ভবত শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু অফিসার এক হাতে অভিযাত্রীকে আটকে রাখলেন, আর অন্য হাতে মাটির ঢিবি থেকে একটি ঢেলা তুলে সৈন্যটির দিকে ছুড়ে মারলেন।
সৈনিকটি হঠাৎ চোখ তুলে দেখল দণ্ডিত লোকটি কী দুঃসাহস করেছে। সঙ্গে সঙ্গে রাইফেল ফেলে দিয়ে গোড়ালি মাটিতে গেঁথে দাঁড়াল, তারপর দণ্ডিতকে এমন ঝাঁকুনি দিয়ে পিছনে টেনে আনল যে লোকটি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। সে নিচের দিকে তাকিয়ে দেখল, দণ্ডিতটি শিকলের ঝনঝন শব্দ তুলে কাতরাচ্ছে আর ছটফট করছে।
“ওকে দাঁড় করাও!” অফিসার চিৎকার করে উঠলেন; তিনি বুঝতে পারছিলেন দণ্ডিত লোকটির কারণে অভিযাত্রীর মনোযোগ অতিরিক্তভাবে সরে যাচ্ছে। তাঁর শরীর তো এমনকি ফালটির ওপর ঝুঁকে পড়েছিল; যন্ত্রটির দিকে আর কোনো মনোযোগ ছিল না তাঁর—তিনি শুধু বুঝতে চাইছিলেন দণ্ডিত লোকটির কী হয়েছে।
“ওকে সাবধানে সামলাও!” অফিসার আবার চিৎকার করলেন। এরপর তিনি নিজেই যন্ত্রটির চারদিকে ঘুরে এসে দণ্ডিত লোকটিকে বগলের নিচে ধরে তুললেন এবং সৈনিকটির সাহায্যে—যদিও লোকটির পা বারবার পিছলে যাচ্ছিল—তাকে দাঁড় করিয়ে দিলেন।
“শিলালিপিকার আসলে সেই দাঁতাল যন্ত্রব্যবস্থা, যা ফালের চলন নির্ধারণ করে। আর এই যন্ত্রব্যবস্থাটি সাজানো হয় সেই নকশা বা অঙ্কন অনুযায়ী, যার মধ্যেই রায়টি লিপিবদ্ধ থাকে। আমি এখনো আগের কমান্ড্যান্টের নকশাগুলোই ব্যবহার করি। এই যে দেখুন”—বলতে বলতে তিনি চামড়ার ফোল্ডার থেকে কয়েকটি পাতা বের করলেন—“তবে দুঃখিত, এগুলো আপনাকে হাতে দিতে পারছি না; এগুলোই আমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস। আপনি বসুন, আমি এই দূরত্ব থেকেই দেখাচ্ছি—তাহলে সবই স্পষ্ট দেখতে পারবেন।”
তিনি প্রথম পাতাটি দেখালেন। অভিযাত্রী কিছু প্রশংসাসূচক কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তিনি দেখলেন কেবল গোলকধাঁধার মতো অসংখ্য রেখা—একে অপরকে বহুবার অতিক্রম করছে; এত ঘনভাবে কাগজ ভরিয়ে রেখেছে যে মাঝের সাদা ফাঁকগুলোই কষ্টে চোখে পড়ে।
“পড়ুন,” অফিসার বললেন।
“আমি পারছি না,” অভিযাত্রী বললেন।
“কিন্তু এটা তো একেবারে স্পষ্ট,” অফিসার বললেন।
“খুব শিল্পসম্মত,” অভিযাত্রী এড়িয়ে গেলেন, “কিন্তু আমি এর পাঠোদ্ধার করতে পারছি না।”
“হ্যাঁ,” অফিসার হেসে বললেন, আবার ফোল্ডার ভেতরে রেখে। “এটা তো স্কুলের ছেলেমেয়েদের সুন্দর হাতের লেখা নয়। এটা পড়তে অনেক সময় লাগে। আপনিও শেষে নিশ্চয়ই বুঝে ফেলতেন। অবশ্যই এটা খুব সহজ লেখা হতে পারে না; কারণ এতে তো সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটানো উদ্দেশ্য নয়—গড়ে প্রায় বারো ঘণ্টা সময় লাগে। ষষ্ঠ ঘণ্টাটিকে ধরা হয়েছে মোড় পরিবর্তনের মুহূর্ত হিসেবে। তাই প্রকৃত লেখাটিকে চারদিক থেকে অসংখ্য অলংকরণ ঘিরে থাকে। লেখাটি শরীরের চারদিকে কেবল একটি সরু বলয়ের মতো বেষ্টন করে; শরীরের বাকি অংশটি অলংকরণের জন্য নির্ধারিত।
এখন কি আপনি ফাল আর পুরো যন্ত্রটির কাজটা উপলব্ধি করতে পারছেন?—দেখুন!”
তিনি সিঁড়িতে লাফিয়ে উঠে একটি চাকা ঘুরিয়ে দিলেন, আর নিচে চিৎকার করে বললেন, “সাবধান, একটু সরে দাঁড়ান!”
সঙ্গে সঙ্গে সবকিছু চলতে শুরু করল। চাকা যদি কড়মড় শব্দ না করত, দৃশ্যটি প্রায় চমৎকারই লাগত। যেন এই বিরক্তিকর শব্দে অফিসার নিজেই বিস্মিত হয়েছে—তিনি মুষ্টি তুলে চাকার দিকে শাসিয়ে উঠলেন। তারপর অভিযাত্রীর দিকে ক্ষমাপ্রার্থনার ভঙ্গিতে দুহাত ছড়িয়ে দ্রুত নিচে নেমে এলেন, নিচ থেকে যন্ত্রটির চলন পরীক্ষা করতে।
তবু কিছু একটা যেন ঠিকমতো হচ্ছিল না—যা কেবল তিনি-ই টের পাচ্ছিলেন। আবার তিনি উপরে উঠলেন, শিলালিপিকারের ভেতরে দুই হাত ঢুকিয়ে কিছু ঠিক করলেন। তারপর দ্রুত নিচে নামার জন্য সিঁড়ি ব্যবহার না করে পাশের দণ্ড বেয়ে নেমে এলেন। যন্ত্রের শব্দে কথা শোনানো কঠিন হওয়ায় তিনি প্রবল চেষ্টা করে অভিযাত্রীর কানে চিৎকার করে বললেন:
“প্রক্রিয়াটা বুঝতে পারছেন? ফাল লেখা শুরু করে। লোকটির পিঠে লেখার প্রথম রেখাগুলি আঁকা শেষ হলেই তুলোর স্তরটি শরীরটাকে ধীরে পাশ ফিরিয়ে দেয়, যাতে ফাল আবার নতুন জায়গা পায়। এদিকে যে জায়গাগুলো লেখার ফলে ক্ষতবিক্ষত হয়েছে, সেগুলো ওই তুলোর ওপর এসে পড়ে—বিশেষভাবে প্রস্তুত এই তুলো সঙ্গে সঙ্গে রক্তপাত থামিয়ে দেয় এবং লেখাটিকে আরও গভীর করার জন্য জায়গাটিকে প্রস্তুত করে।
এরপর ফালের ধারের এই দাঁতগুলো শরীর ঘোরানোর সময় ক্ষত থেকে তুলো টেনে ছিঁড়ে ফেলে, সেটাকে গর্তে ছুড়ে দেয়, আর ফালের আবার কাজ শুরু হয়। এভাবেই বারো ঘণ্টা ধরে এটি ক্রমে ক্রমে লেখাটিকে গভীর করে।
প্রথম ছঘণ্টা দণ্ডিত লোকটি প্রায় আগের মতোই বেঁচে থাকে—ও কেবল যন্ত্রণাই ভোগ করে। দুঘণ্টা পর মুখের গোঁজটি সরিয়ে নেওয়া হয়, তখন আর তার চিৎকার করার শক্তি থাকে না। এখানে মাথার কাছে এই বৈদ্যুতিকভাবে গরম রাখা পাত্রে উষ্ণ গলা ভাত রাখা হয়; ইচ্ছে হলে লোকটি জিভ দিয়ে যতটুকু পারে টেনে নিতে পারে। কেউই এই সুযোগ নষ্ট করে না। আমার অভিজ্ঞতা বিস্তর—আমি কাউকেই তা এড়াতে দেখিনি।
প্রায় ষষ্ঠ ঘণ্টার দিকে এসে ও খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। তখন আমি সাধারণত এখানে হাঁটু গেড়ে বসে এই পরিবর্তনটা লক্ষ্য করি। লোকটি শেষ গ্রাসটা খুব কমই গেলে—শুধু মুখের ভেতর ঘোরায়, তারপর গর্তে উগলে দেয়। তখন আমাকে ঝুঁকে পড়তে হয়, নইলে সেটা আমার মুখের দিকেই ছিটকে আসে।
প্রায় ষষ্ঠ ঘণ্টার দিকে এসে লোকটি কত নিস্তব্ধ হয়ে যায়! সবচেয়ে নির্বোধের মধ্যেও তখন বোধ জেগে ওঠে। শুরুটা হয় চোখের চারপাশে—সেখান থেকে তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এমন এক দৃশ্য, যা দেখে মানুষ প্রলুব্ধ হতে পারে নিজেও ফালের নিচে গিয়ে শুয়ে পড়তে।
এরপর আর কিছুই ঘটে না। লোকটি শুধু লেখা পড়তে শুরু করে—ঠোঁট সূঁচলো করে যেন মন দিয়ে শুনছে। আপনি দেখেছেন, চোখ দিয়ে এই লেখা পড়া সহজ নয়; কিন্তু আমাদের লোকটি তা পড়ে ওর ক্ষত দিয়ে। অবশ্য কাজটা সহজ নয়; সম্পূর্ণ করতে ছয় ঘণ্টা লাগে।
তারপর ফাল ওকে পুরোপুরি বিদ্ধ করে ফেলে এবং গর্তে নিক্ষেপ করে—যেখানে ও রক্তমিশ্রিত জল আর তুলোর ওপর আছড়ে পড়ে। তখন বিচার শেষ। আর আমরা—আমি আর সৈনিক—ওকে মাটি চাপা দিই।”
অভিযাত্রী অফিসারের দিকে কান ঝুঁকিয়ে, কোটের পকেটে হাত রেখে যন্ত্রটির কাজ দেখছিলেন। দণ্ডিত লোকটিও তাকিয়ে ছিল, কিন্তু কোনো বোঝাপড়া ছাড়াই। সে একটু ঝুঁকে পড়ে দুলতে থাকা সূঁচগুলোর দিকে তাকিয়ে ছিল। তখন অফিসারের একটি ইশারায় সৈনিকটি ছুরি দিয়ে পেছন দিক থেকে তার শার্ট আর প্যান্ট কেটে দিল। সঙ্গে সঙ্গে সেগুলো দণ্ডিত লোকটির গা থেকে খসে পড়ল। নিজের নগ্নতা ঢাকতে সে পড়ে যাওয়া কাপড়ের দিকে হাত বাড়াতে গিয়েছিল, কিন্তু সৈনিক তাকে একটু তুলে ধরে গা থেকে বাকি ছেঁড়া টুকরোগুলোও ঝেড়ে ফেলল।
অফিসার যন্ত্রটি ঠিকঠাক করে নিলেন, আর সেই মুহূর্তে নেমে আসা নীরবতার মধ্যে দণ্ডিত লোকটিকে ফালের নিচে শুইয়ে দেওয়া হলো। শেকলগুলো খুলে তার জায়গায় চামড়ার ফিতে বাঁধা হলো; প্রথম মুহূর্তে যেন এতে দণ্ডিত লোকটির একটু স্বস্তিই হলো। তারপর ফালটি আরও একটু নিচে নামল, কারণ লোকটি ছিল খুব রোগা। সূঁচগুলোর অগ্রভাগ যখন তার গায়ে ছুঁল, তখন তার ত্বকের ওপর দিয়ে এক শিহরণ বয়ে গেল। সৈনিক তার ডান হাত নিয়ে ব্যস্ত থাকতেই সে বাঁ হাতটা বাড়িয়ে দিল—কোথায় বাড়াচ্ছে সে নিজেও জানত না; কিন্তু দিকটা ছিল সেই দিকে, যেখানে অভিযাত্রী দাঁড়িয়ে ছিল।
অফিসার পাশ ফিরে অবিরত অভিযাত্রীর মুখের দিকে তাকিয়ে ছিলেন, যেন অভিব্যক্তি পড়ে বুঝতে চাইছেন, যে মৃত্যুদণ্ডের দৃশ্যটি তিনি অন্তত উপর-উপর ব্যাখ্যা করেছেন, তা অভিযাত্রীর উপর কী প্রভাব ফেলছে।
এমন সময় হাতের কবজির জন্য নির্দিষ্ট ফিতেটি ছিঁড়ে গেল; সম্ভবত সৈনিকটি সেটি খুব শক্ত করে টেনেছিল। সৈনিকটি ছেঁড়া ফিতের টুকরো দেখিয়ে অফিসারের সাহায্য চাইল। অফিসারও তার কাছে এগিয়ে গেলেন এবং অভিযাত্রীর দিকেই মুখ ফিরিয়ে বললেন:
“যন্ত্রটি খুব জটিল; মাঝে মাঝে কোথাও কিছু ছিঁড়ে যায় বা ভেঙে যায়। কিন্তু তাতে সামগ্রিক বিচারকে প্রভাবিত করা উচিত নয়। তাছাড়া ফিতের জন্য সঙ্গে সঙ্গে বিকল্প ব্যবস্থা করা যায়; আমি একটি শেকল ব্যবহার করব। তবে এতে ডান হাতের দোলনের সূক্ষ্মতা কিছুটা কমে যাবে।” শেকল বাঁধতে বাঁধতে তিনি আবার বললেন:
“যন্ত্রটি রক্ষণাবেক্ষণের জন্য এখন আমাদের উপায় খুবই সীমিত। আগের কমান্ড্যান্টের সময় এই উদ্দেশ্যের জন্য একটি আলাদা তহবিল ছিল, যার ওপর আমার অবাধ অধিকার ছিল। এখানে একটি গুদামও ছিল, যেখানে সব রকমের যন্ত্রাংশ মজুত থাকত। স্বীকার করি, তখন আমি প্রায় অপচয়ই করতাম—মানে আগে, এখন নয়। কিন্তু নতুন কমান্ড্যান্ট সবকিছুকেই নাকি পুরনো ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণের অজুহাত বলে মনে করেন। এখন যন্ত্রের তহবিল তাঁরই নিয়ন্ত্রণে। আমি যদি নতুন একটি ফিতে চাই, তবে ছেঁড়া ফিতেটিকে প্রমাণ হিসেবে পাঠাতে হয়; নতুনটি আসে দশ দিন পরে, আর তখন সেটিও হয় নিম্নমানের এবং তেমন কোনো কাজেই লাগে না। এর মধ্যে ফিতে ছাড়া আমি কীভাবে যন্ত্র চালাব—সেটা নিয়ে কারও কোনো ভাবনা নেই।”
অভিযাত্রী ভাবছিলেন: বিদেশের কোনো ব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপ করা সবসময়ই বিপজ্জনক। তিনি না এই দণ্ডউপনিবেশের নাগরিক, না সেই রাষ্ট্রের, যার অধীনে এটি রয়েছে। যদি তিনি এই মৃত্যুদণ্ডের নিন্দা করেন, বা এটিকে বাধা দিতে চান, তবে তাঁকে সহজেই বলা যেতে পারে: “আপনি বিদেশি—চুপ থাকুন।” এর উত্তরে তাঁর বলার মতো কিছু থাকত না; শুধু এটুকুই বলতে পারতেন যে এ ক্ষেত্রে তিনি নিজেই নিজের অবস্থান ঠিক বুঝতে পারছেন না। কারণ তিনি তো এখানে এসেছেন কেবল দেখার উদ্দেশ্যে, বিদেশি বিচারব্যবস্থা বদলাতে নয়।
কিন্তু এখানকার পরিস্থিতি সত্যিই তাঁকে হস্তক্ষেপ করতে প্রলুব্ধ করছিল। বিচারপ্রক্রিয়ার অন্যায় এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করার অমানবিকতা নিয়ে তাঁর কোনো সন্দেহ ছিল না। অভিযাত্রীর কোনো ব্যক্তিগত স্বার্থ কেউই ধরে নিতে পারত না—দণ্ডিত লোকটি তাঁর সম্পূর্ণ অপরিচিত, তাঁর স্বদেশীও নয়, এমনকি এমন কেউও নয় যে সহজে সহানুভূতি জাগায়। অভিযাত্রী নিজে উচ্চপদস্থ দপ্তরগুলোর সুপারিশ নিয়ে এসেছেন; তাঁকে এখানে অত্যন্ত ভদ্রতার সঙ্গে গ্রহণ করা হয়েছে। আর তাঁকে এই মৃত্যুদণ্ড দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে—এটাও যেন ইঙ্গিত করে যে এই আদালত সম্পর্কে তাঁর মতামত চাওয়া হচ্ছে। তাছাড়া এখন তিনি খুব স্পষ্ট করেই শুনেছেন যে বর্তমান কমান্ড্যান্ট এই পদ্ধতি সমর্থন করেন না এবং অফিসারের প্রতি প্রায় শত্রুভাবাপন্ন আচরণ করেন।
হঠাৎ অভিযাত্রী অফিসারের এক ক্রুদ্ধ চিৎকার শুনতে পেলেন। অফিসার ঠিক তখনই বেশ কষ্টে দণ্ডিত লোকটির মুখে কাপড়ের গোঁজটি ঢুকিয়ে দিচ্ছিলেন; কিন্তু সেই মুহূর্তেই দণ্ডিত লোকটি এক প্রবল বমিবেগে চোখ বন্ধ করে বমি করে ফেলল। তাড়াতাড়ি অফিসার তার মাথা গোঁজ থেকে টেনে তুললেন এবং গর্তের দিকে ঘোরাতে চাইলেন; কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে—বমির নোংরা ইতিমধ্যেই যন্ত্রের গা বেয়ে নেমে যাচ্ছিল।
“সবই কমান্ড্যান্টের দোষ!” অফিসার চিৎকার করে উঠলেন এবং সামনের দিকের পিতলের দণ্ডগুলোকে উন্মাদের মতো ঝাঁকাতে লাগলেন, “আমার সামনেই যন্ত্রটাকে গোয়ালঘরের মতো নোংরা করে ফেলা হচ্ছে!” তিনি কাঁপা হাতে অভিযাত্রীকে দেখালেন কী হয়েছে।
“আমি কি ঘণ্টার পর ঘণ্টা কমান্ড্যান্টকে বোঝানোর চেষ্টা করিনি যে মৃত্যুদণ্ডের আগের দিন বন্দিকে আর কোনো খাবার দেওয়া উচিত নয়? কিন্তু নতুন এই কোমল নীতি অন্য কথা বলে। কমান্ড্যান্টের ভদ্রমহিলারা মৃত্যুদণ্ডের আগে লোকটির মুখে মিষ্টিজাতীয় খাবার গুঁজে দেন। সারা জীবন সে দুর্গন্ধময় মাছ খেয়ে বেঁচেছে, আর এখন তাকে মিষ্টি খাওয়ানো হচ্ছে! তা হোক, আমি হয়তো কিছু বলতাম না—কিন্তু কেন আমাকে নতুন একটা গোঁজ দেওয়া হয় না, যেটা আমি তিন মাস ধরে চাইছি? এই গোঁজটা মুখে নিতে কার না ঘেন্না করবে—যেটা শতাধিক মানুষ মৃত্যুযন্ত্রণায় চুষেছে আর কামড়েছে?”
দণ্ডিত লোকটি মাথা নিচু করে ছিল, শান্ত দেখাচ্ছিল; সৈনিকটি তখন দণ্ডিত লোকটির শার্ট দিয়ে যন্ত্রটা পরিষ্কার করতে ব্যস্ত ছিল। অফিসার অভিযাত্রীর কাছে এগিয়ে এলেন। অভিযাত্রী অকারণ এক আশঙ্কায় এক পা পিছিয়ে গেলেন; কিন্তু অফিসার তাঁর হাত ধরে তাঁকে একটু পাশে টেনে নিলেন।
“আমি আপনাকে কয়েকটা কথা গোপনে বলতে চাই,” তিনি বললেন, “বলতে পারি তো?”
“অবশ্যই,” অভিযাত্রী বললেন এবং চোখ নামিয়ে শুনতে লাগলেন।
“এই পদ্ধতি এবং এই মৃত্যুদণ্ড—যা দেখার সুযোগ আপনি এখন পাচ্ছেন—আজ আমাদের উপনিবেশে এর আর কোনো প্রকাশ্য সমর্থক নেই। আমি-ই এর একমাত্র প্রতিনিধি এবং একই সঙ্গে পুরনো কমান্ড্যান্টের উত্তরাধিকারের একমাত্র রক্ষক। এই পদ্ধতিকে আরও বিস্তৃত করার কথা এখন আর ভাবতেও পারি না; যা আছে তা টিকিয়ে রাখতেই আমার সমস্ত শক্তি ব্যয় হয়ে যাচ্ছে। যখন পুরনো কমান্ড্যান্ট জীবিত ছিলেন, উপনিবেশটি তাঁর সমর্থকে ভরা ছিল। পুরনো কমান্ড্যান্টের যে প্রভাব ছিল, তার কিছুটা আমারও আছে; কিন্তু তাঁর ক্ষমতা আমার একেবারেই নেই। ফলে সমর্থকেরা লুকিয়ে পড়েছে—এখনও আছে অনেক, কিন্তু কেউ তা স্বীকার করে না। আজ যদি—অর্থাৎ কোনো মৃত্যুদণ্ডের দিনে—আপনি চায়ের দোকানে যান এবং একটু কান পাতেন, তবে হয়তো কেবল অস্পষ্ট, দ্ব্যর্থক মন্তব্যই শুনবেন। তারা সবাই সমর্থক, কিন্তু বর্তমান কমান্ড্যান্টের অধীনে তারা আমার কাছে সম্পূর্ণ অকেজো।”
“এখন আমি আপনাকে জিজ্ঞেস করি: এই কমান্ড্যান্ট আর তাঁকে প্রভাবিত করা মহিলাদের জন্য কী এমন এক জীবনকর্ম”—তিনি যন্ত্রটির দিকে ইঙ্গিত করলেন—“এভাবে ধ্বংস হতে দেওয়া যায়? কেউ যদি কেবল কয়েক দিনের জন্য আমাদের দ্বীপে আসা কোনো বিদেশিও হন—তবুও কি তিনি তা মেনে নেবেন? কিন্তু সময় নষ্ট করার মতো অবকাশ নেই। আমার বিচারব্যবস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই কিছু প্রস্তুতি চলছে। কমান্ড্যান্টের দপ্তরে সভা বসছে—যেখানে আমাকে ডাকা পর্যন্ত হয় না। এমনকি আজ আপনার এই আগমনটাও আমার কাছে পরিস্থিতিরই একটি লক্ষণ বলে মনে হচ্ছে। তারা ভীরু—তাই আপনাকেই, একজন বিদেশিকে, সামনে ঠেলে দিয়েছে।”
“আগে মৃত্যুদণ্ড কত ভিন্ন ছিল! মৃত্যুদণ্ড কার্যকর করার আগের দিন থেকেই পুরো উপত্যকা মানুষে মানুষে ভরে যেত। সবাই আসত—কেবল দেখার জন্য। ভোরবেলায় কমান্ড্যান্ট তাঁর ভদ্রমহিলাদের নিয়ে উপস্থিত হতেন; তূর্যধ্বনিতে পুরো উপনিবেশ জেগে উঠত। আমি জানাতাম যে সব প্রস্তুত। সব কর্মকর্তা—কোনো উচ্চপদস্থ কর্মকর্তা অনুপস্থিত থাকতে পারতেন না—যন্ত্রের চারপাশে জড়ো হতেন। এই বেতের চেয়ারগুলোর স্তূপটি সেই সময়ের এক করুণ অবশিষ্ট মাত্র। যন্ত্রটি ঝকঝকে পরিষ্কার হয়ে দীপ্তি ছড়াত; প্রায় প্রতিটি মৃত্যুদণ্ডের জন্য আমি নতুন যন্ত্রাংশ বসাতাম। শত শত চোখের সামনে—সব দর্শক পায়ের আঙুলের ওপর দাঁড়িয়ে পাহাড়ের ঢাল পর্যন্ত ভিড় করে থাকত—কমান্ড্যান্ট নিজেই দণ্ডিতকে যন্ত্রের ফালের নিচে শুইয়ে দিতেন। আজ যা সাধারণ সৈনিকও করতে পারে, তখন সেটা ছিল আমার দায়িত্ব—আদালতের সভাপতির, এবং এটি ছিল সম্মানের বিষয়। তারপর শুরু হতো মৃত্যুদণ্ড। যন্ত্রটি কাজ করার সময় কোনো বেসুরো সুর বের হত না। কেউ কেউ তখন আর নজর দিয়েও দেখত না, চোখ বন্ধ করে বালির ওপর শুয়ে থাকত; সবাই জানত: এখন ঘটছে ন্যায়বিচার। নীরবতার মধ্যে শুধু দণ্ডিতের দীর্ঘশ্বাস শোনা যেত—কাপড়ের গোঁজে চাপা পড়া সেই শব্দ। আজ যন্ত্র আর দণ্ডিতের কাছ থেকে তেমন দীর্ঘশ্বাস বের করতে পারে না, যা গোঁজ এখনও দমাতে পারে; আগে লেখার সূঁচগুলো থেকে এমন এক দাহক তরল ঝরত, যা আজ আর ব্যবহার করতে দেওয়া হয় না।”
“এরপর আসতো ষষ্ঠ ঘণ্টা। কাছ থেকে দেখার সুযোগ সবার জন্য দেওয়া সম্ভব ছিল না। কমান্ড্যান্ট তাঁর প্রজ্ঞা অনুযায়ী প্রথমে শিশুদের সুযোগ দিতে আদেশ দিয়েছিলেন। আমি অবশ্য আমার দায়িত্বের কারণে সবসময় কাছেই থাকতে পারতাম। প্রায়ই আমি সেখানে বসে থাকতাম—ডান ও বাঁ হাতে দুটো ছোট শিশুকে কোলে নিয়ে। আমরা সবাই সেই নির্যাতিত মুখে জেগে ওঠা রূপান্তরের অভিব্যক্তি দেখতে পেতাম। আমাদের গাল ভিজে যেত সেই আলোয়—আলো, যা শেষ পর্যন্ত অর্জিত ন্যায়বিচারের প্রতিফলন, আর ইতিমধ্যেই বিলীন হতে শুরু করেছে।”
“কী সময়ই না ছিল, আমার বন্ধু!”
অফিসার স্পষ্টত ভুলে গিয়েছিলেন যে তাঁর সামনে কে দাঁড়িয়ে আছেন; তিনি অভিযাত্রীকে জড়িয়ে ধরলেন এবং মাথা তাঁর কাঁধে রেখে দিলেন। অভিযাত্রী ভীষণ অস্বস্তিতে পড়লেন এবং অধৈর্যভাবে অফিসারের কাঁধের ওপর দিয়ে দূরে তাকালেন। সৈনিকটি ইতিমধ্যে পরিষ্কার করার কাজ শেষ করে ফেলেছেন এবং এখন একটি টিনের বাক্স থেকে ভাত বাটিতে ঢালছেন। দণ্ডিত লোকটি—যে তখন পুরোপুরি সেরে উঠেছে—দেখামাত্র জিভ বের করে সেই ভাত ধরার চেষ্টা করল। কিন্তু সৈনিক বারবার তাকে ঠেলে সরিয়ে দিচ্ছিল, সম্ভবত কারণ ভাতটি পরে দেওয়ার কথা ছিল। তবে এটাও নিশ্চয়ই অনুচিত ছিল যে সৈনিক নিজেই তার নোংরা হাতে সেই ভাতের লোভে তাকিয়ে থাকা দণ্ডিতের সামনে বসে তা খেতে শুরু করল।
অফিসার দ্রুত নিজেকে সামলে নিল।
“আমি আপনাকে বিব্রত করতে চাইনি,” তিনি বললেন, “আমি জানি, আজকের দিনে সেই সময়গুলো বোঝানো অসম্ভব। তবে যন্ত্রটি এখনও কাজ করে—এবং নিজের শক্তিতেই কাজ করে। এই উপত্যকায় একা দাঁড়িয়েও সে তার কাজ চালিয়ে যায়। আর শেষ পর্যন্ত মৃতদেহ এখনও সেই অদ্ভুত কোমল ভঙ্গিতে গর্তে পড়ে যায়—যদিও এখন আর আগের মতো শত শত মানুষ মাছির মতো গর্তের চারপাশে ভিড় করে না। তখন তো আমাদের গর্তের চারদিকে মজবুত রেলিং বসাতে হয়েছিল; বহুদিন হলো তা খুলে ফেলা হয়েছে।”
অভিযাত্রী নিজের মুখ অফিসারের দিক থেকে সরিয়ে নিয়ে উদ্দেশ্যহীনভাবে চারদিকে তাকাতে লাগলেন। অফিসার ভাবলেন, তিনি বুঝি উপত্যকার শূন্যতা দেখছেন; তাই তিনি তাঁর হাত দুটি ধরে তাঁকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করলেন এবং তাঁর দৃষ্টি ধরতে চেষ্টা করে বললেন—
“আপনি কি এই লজ্জা খেয়াল করছেন?”
কিন্তু অভিযাত্রী নীরব থাকলেন।
অফিসার কিছুক্ষণ তাঁকে ছেড়ে দিলেন। পা ফাঁক করে, দুই হাত কোমরে রেখে তিনি স্থির দাঁড়িয়ে মাটির দিকে তাকালেন। তারপর তিনি হালকা হাসি দিয়ে অভিযাত্রীকে উৎসাহ দেওয়ার ভঙ্গিতে বললেন—
“গতকাল যখন কমান্ড্যান্ট আপনাকে আমন্ত্রণ জানাচ্ছিলেন, তখন আমি কাছেই ছিলাম। আমি সেই আমন্ত্রণ শুনেছি। আমি কমান্ড্যান্টকে চিনি। তিনি সেই আমন্ত্রণের মাধ্যমে কী করতে চান, তা সঙ্গে সঙ্গেই বুঝে গিয়েছিলাম। যদিও তাঁর ক্ষমতা যথেষ্ট—তিনি চাইলে সরাসরি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন—তবু তিনি এখনও তা করার সাহস করেননি। কিন্তু তিনি আমাকে আপনার—একজন সম্মানিত বিদেশির—রায়ের মুখে ঠেলে দিতে চান।
তাঁর হিসাব খুব সূক্ষ্ম। আপনি দ্বীপে এসেছেন মাত্র দুদিন হলো; আপনি পুরনো কমান্ড্যান্টকে বা তাঁর ভাবধারাকে চেনেন না। আপনি ইউরোপীয় ধারণায় অভ্যস্ত; সম্ভবত সাধারণভাবে মৃত্যুদণ্ডের বিরোধী, আর এমন যন্ত্রভিত্তিক মৃত্যুদণ্ডের তো আরও বেশি বিরোধী। তার ওপর আপনি দেখছেন—মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে কোনো জনসমাগম ছাড়াই, বিষণ্ণ পরিবেশে, এমন একটি যন্ত্রে যা ইতিমধ্যেই কিছুটা ক্ষতিগ্রস্ত।
এই সবকিছু একসঙ্গে বিবেচনা করলে—কমান্ড্যান্টের মতে—আপনার পক্ষে আমার পদ্ধতিকে সঠিক মনে না করা খুবই স্বাভাবিক।
আর যদি আপনি এটাকে সঠিক মনে না করেন, তাহলে আপনি নিশ্চয়ই তা গোপন করবেন না—কারণ আপনি তো নিশ্চয়ই আপনার বহু পরীক্ষিত বিশ্বাসের ওপর আস্থা রাখেন। অবশ্য আপনি বহু জাতির বহু বৈশিষ্ট্য দেখেছেন এবং সেগুলোকে সম্মান করতেও শিখেছেন; তাই হয়তো নিজের দেশে যেমন জোর দিয়ে বলতেন, তেমনভাবে এখানে এই পদ্ধতির বিরুদ্ধে কথা বলবেন না। কিন্তু তাতে কমান্ড্যান্টের কিছু যায় আসে না। একটি হালকা মন্তব্য, একটি অসাবধান বাক্যই যথেষ্ট। সেটি এমনকী আপনার প্রকৃত বিশ্বাসের সঙ্গে মিলতেই হবে এমন নয়—কেবল তা বাহ্যত তাঁর ইচ্ছার সঙ্গে মানিয়ে যায়—এইটুকুই অনেক।
আমি নিশ্চিত, তিনি আপনাকে নানা কৌশলে প্রশ্ন করবেন। আর তাঁর মহিলারা চারপাশে বসে কান খাড়া করে থাকবে। আপনি হয়তো বলবেন—‘আমাদের দেশে বিচারপ্রক্রিয়া ভিন্ন,’ অথবা ‘আমাদের দেশে রায় দেওয়ার আগে অভিযুক্তের আত্মপক্ষসমর্থনের সুযোগ থাকে,’ অথবা ‘আমাদের দেশে নির্যাতন ছিল কেবল মধ্যযুগে।’ এই সব মন্তব্য যেমন সত্য, তেমনই আপনার কাছে স্বাভাবিক আর নিরীহ—এগুলো আমার পদ্ধতিকে সরাসরি আঘাত করে না। কিন্তু কমান্ড্যান্ট সেগুলো কীভাবে গ্রহণ করবেন?
আমি যেন তাঁকে দেখতে পাচ্ছি—সেই নিরীহ কমান্ড্যান্টকে—হঠাৎ চেয়ার সরিয়ে বারান্দার দিকে ছুটে যাচ্ছে। তাঁর মহিলারা তাঁর পেছনে পেছনে ছুটছে। আমি তাঁর কণ্ঠ শুনতে পাচ্ছি—মহিলারা যাকে বজ্রধ্বনি বলে—আর তিনি বলছেন:
‘পাশ্চাত্যের এক মহান গবেষক, যিনি নানা দেশের বিচারব্যবস্থা পরীক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত, সদ্য বলেছেন যে আমাদের পদ্ধতি প্রাচীন প্রথা অনুযায়ি অমানবিক। এমন একজন বিশিষ্ট ব্যক্তির রায়ের পরে আমার পক্ষে অবশ্যই এই পদ্ধতিকে আর সহ্য করা সম্ভব নয়। অতএব আজ থেকেই আমি আদেশ দিচ্ছি—’ ইত্যাদি।
আপনি তখন হস্তক্ষেপ করতে চাইবেন। আপনি তো এসব বলেননি! আপনি আমার পদ্ধতিকে অমানবিক বলেননি। বরং আপনার গভীর বিবেচনায় এটাকেই সবচেয়ে মানবিক ও মর্যাদাপূর্ণ বলে মনে করেছেন। এই যন্ত্রটিকেও আপনি প্রশংসা করেছেন। কিন্তু তখন আর সময় থাকবে না। আপনি বারান্দায় পৌঁছতেই পারবেন না—সেটা তখন মহিলায় ভরে গেছে। আপনি নিজের কথা শোনাতে চাইবেন, চিৎকার করতে চাইবেন—কিন্তু কোনো এক মহিলার হাত আপনার মুখ চেপে ধরবে। আর আমি—আর পুরনো কমান্ড্যান্টের এই কর্ম—সব শেষ হয়ে যাবে।”
অভিযাত্রীকে হাসি চাপতে হলো; তিনি এতক্ষণ যে কাজটিকে অত্যন্ত কঠিন মনে করেছিলেন, সেটি এত সহজ হতে পারে! তিনি এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে বললেন—“আপনি আমার প্রভাবকে বাড়িয়ে দেখছেন। কমান্ড্যান্ট আমার সুপারিশপত্র পড়েছেন; তিনি জানেন আমি বিচারপ্রক্রিয়ার কোনো বিশেষজ্ঞ নই। আমি যদি কোনো মতামত প্রকাশও করি, সেটি হবে নিতান্ত একজন ব্যক্তিগত মানুষের মতামত—যার গুরুত্ব অন্য যে-কোনো মানুষের মতামতের চেয়ে বেশি নয়। বরং কমান্ড্যান্টের মতামতের তুলনায় তা অনেক কম গুরুত্বপূর্ণ—কারণ এই দণ্ডউপনিবেশে তাঁর ক্ষমতা, যতদূর জানি, অত্যন্ত বিস্তৃত। আর যদি এই পদ্ধতি সম্পর্কে তাঁর মতামত সত্যিই আপনার ধারণার মতো দৃঢ় হয়ে থাকে, তবে আমার আশঙ্কা—আমার সামান্য সহায়তা ছাড়াই এই পদ্ধতির অবসান অনিবার্য।”
অফিসার কী তা ইতিমধ্যেই বুঝে ফেলেছিলেন? না—তিনি এখনও বুঝতে পারেননি। তিনি জোরে জোরে মাথা নাড়লেন, দণ্ডিত লোক এবং সৈনিকের দিকে ছোটখাটো চেয়ে দেখলেন—যারা হঠাৎ চমকে উঠে ভাত খাওয়া বন্ধ করেছিল—তারপর তিনি অভিযাত্রীর কাছে চলে এলেন, সরাসরি মুখে তাকালেন না, বরং তাঁর জামার দিকে কোথাও তাকালেন এবং আগের চেয়ে শান্ত কণ্ঠে বললেন:
“আপনি কমান্ড্যান্টকে চেনেন না; আপনি তাঁকে এবং আমাদের সকলকে—ক্ষমা করবেন এই কথাটা—একধরনের নিরীহ অবস্থান থেকে দেখছেন; বিশ্বাস করুন, আপনার প্রভাব যত বড়ই ভাবা হোক না কেন, সেটিও কম হবে। আমি সত্যিই খুশি হয়েছিলাম যখন শুনেছিলাম যে আপনি একাই মৃত্যুদণ্ড দেখতে আসবেন। কমান্ড্যান্টের এই ব্যবস্থাটা আসলে আমাকে আঘাত করার জন্যই ছিল—কিন্তু এখন আমি সেটাকেই নিজের পক্ষে কাজে লাগাব।
মিথ্যা ফিসফিস বা অবজ্ঞার দৃষ্টি—যেগুলো বড় জনসমাগম থাকলে এড়ানো যেত না—সেগুলোতে বিভ্রান্ত না হয়ে আপনি আমার ব্যাখ্যাগুলো শুনেছেন, যন্ত্রটি দেখেছেন, আর এখন মৃত্যুদণ্ড কার্যকর হওয়াটা দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনার রায় নিশ্চয়ই ইতিমধ্যেই স্থির হয়ে গেছে। যদি সামান্য কোনো সংশয় থেকেও থাকে, এই মৃত্যুদণ্ডের দৃশ্য তা দূর করে দেবে। এবং এখন আমি আপনাকে অনুরোধ করছি: কমান্ড্যান্টের কাছে আমার পক্ষে কিছু বলুন।”
অভিযাত্রী তাঁকে আর এগোতে দিলেন না। তিনি চিৎকার করে বললেন, “আমি তা কী করে করতে পারি? এটা পুরোপুরি অসম্ভব। আপনাকে যেমন সাহায্য করতে পারব না, তেমনি আপনাকে ক্ষতিও করতে পারব না।”
“আপনি পারবেন,” অফিসার বললেন। অভিযাত্রী কিছুটা আশঙ্কা নিয়ে দেখলেন, অফিসার মুষ্টি শক্ত করে তুলছেন। “আপনি পারবেন,” অফিসার আবার বললেন, এবার আরও জোর দিয়ে। “আমার একটি পরিকল্পনা আছে—যা অবশ্যই সফল হবে। আপনি মনে করছেন, আপনার প্রভাব যথেষ্ট নয়। আমি জানি, তা যথেষ্ট। কিন্তু ধরুন, আপনি ঠিক বলছেন—তাহলে কি এই প্রক্রিয়াটিকে টিকিয়ে রাখার জন্য সবকিছু চেষ্টা করা, এমনকি সম্ভবত কিছু অসম্পূর্ণ চেষ্টা করাও জরুরি নয়? এখন আমার পরিকল্পনাটা শুনুন।
এটি কার্যকর করতে হলে প্রথমেই দরকার—আজ সারাদিন আপনি এই প্রথা সম্পর্কে আপনার মতামত যতটা সম্ভব গোপন রাখবেন। কেউ যদি আপনাকে সরাসরি প্রশ্ন না করে, তবে কোনো অবস্থাতেই আপনি নিজে থেকে কিছু বলবেন না। আর যদি কিছু বলতেই হয়, তবে তা হবে সংক্ষিপ্ত ও অস্পষ্ট। যেন বোঝা যায়, এ বিষয়ে কথা বলা আপনার পক্ষে কঠিন; যেন মনে হয় আপনি ক্ষুব্ধ—এমনকি যদি খোলাখুলি বলতেই হয়, তবে তা যেন অভিশাপ ছুড়ে দেওয়ার মতো শোনায়। আমি আপনাকে মিথ্যা বলতে বলছি না—একেবারেই না। আপনি শুধু সংক্ষেপে উত্তর দেবেন—যেমন, ‘হ্যাঁ, আমি মৃত্যুদণ্ড কার্যকর হতে দেখেছি’, বা ‘হ্যাঁ, আমি সব ব্যাখ্যা শুনেছি।’ এর বেশি কিছু নয়। আর যে তিক্ততা আপনার মুখে ধরা পড়বে—তার যথেষ্ট কারণ আছেই, যদিও কমান্ড্যান্ট যে অর্থে তা নেবেন, সে অর্থে নয়। তিনি অবশ্য এটাকে সম্পূর্ণ ভুল বুঝবেন এবং নিজের মতো করে ব্যাখ্যা করবেন। আর ঠিক এই ভুল বোঝার ওপরই আমার পরিকল্পনাটা দাঁড়িয়ে আছে।
আগামীকাল কমান্ড্যান্টের সভাপতিত্বে তাঁর দপ্তরে সব উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তাদের একটি বড় সভা হবে। কমান্ড্যান্ট অবশ্যই এসব সভাকে এক ধরনের প্রদর্শনীতে পরিণত করতে জানেন। এজন্য একটি গ্যালারি তৈরি করা হয়েছে, যা সবসময় দর্শকে ভরা থাকে। আমাকেও সেখানে উপস্থিত থাকতে হয়, যদিও এতে আমার গভীর বিতৃষ্ণা জাগে। আর আপনাকে নিঃসন্দেহে সেই সভায় আমন্ত্রণ জানানো হবে। আজ আপনি যদি আমার পরিকল্পনা অনুযায়ী আচরণ করেন, তাহলে সেই আমন্ত্রণ প্রায় অনুরোধে পরিণত হবে। তবু যদি কোনো অদ্ভুত কারণে আপনাকে না ডাকা হয়, তাহলে আপনাকেই আমন্ত্রণ চাইতে হবে—আর তখন তা অবশ্যই দেওয়া হবে।
তারপর আপনি বসবেন কমান্ড্যান্টের বক্সে, ভদ্রমহিলাদের সঙ্গে। কমান্ড্যান্ট মাঝেমাঝেই উপরের দিকে তাকিয়ে নিশ্চিত হবেন যে আপনি সেখানে আছেন। কিছু তুচ্ছ, হাস্যকর আলোচনা চলবে—যা মূলত দর্শকদের জন্য সাজানো। বেশিরভাগ সময়ই বন্দর নির্মাণ নিয়ে আলোচনা—সবসময়ই বন্দর নির্মাণ! তারপর একসময় বিচারপ্রক্রিয়ার প্রসঙ্গ উঠবে। যদি কমান্ড্যান্ট নিজে থেকে বিষয়টা না তোলেন, কিংবা যথেষ্ট তাড়াতাড়ি না তোলেন, তাহলে আমি তা নিশ্চিত করব। আমি উঠে দাঁড়িয়ে আজকের মৃত্যুদণ্ডের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন দেব—একটি প্রতিবেদন মাত্র। ওখানে এ ধরনের প্রতিবেদন দেওয়া সাধারণত রীতি নয়, তবু আমি দেব। কমান্ড্যান্ট তখন, আগের মতোই, একটি সৌজন্যময় হাসি দিয়ে আমাকে ধন্যবাদ জানাবেন। কিন্তু তিনি নিজেকে সামলাতে পারবেন না—এই সুযোগ তিনি লুফে নেবেন।
তিনি হয়তো বলবেন—“এইমাত্র একটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার খবর জানানো হল। আমি শুধু এটুকু যোগ করতে চাই যে এই মৃত্যুদণ্ডের সময় উপস্থিত ছিলেন সেই মহান গবেষক, যার আগমনে আমাদের উপনিবেশ এত গৌরবান্বিত হয়েছে। তাঁর উপস্থিতিতে আজকের সভাটিও বিশেষ মর্যাদা লাভ করেছে। তাহলে কী আমরা এই মহান গবেষকের কাছে জানতে চাইব না—পুরনো রীতি অনুযায়ী এই মৃত্যুদণ্ড এবং এর পূর্ববর্তী বিচারপ্রক্রিয়া সম্পর্কে তাঁর মতামত কী?”
চারদিকে তখন হাততালি পড়বে, সবাই সমর্থন জানাবে—আমি নিজেই সবচেয়ে জোরে হাততালি দেব। কমান্ড্যান্ট তখন আপনার দিকে নত হয়ে বলবেন—“তাহলে আমি সবার পক্ষ থেকে এই প্রশ্ন করছি।” তারপর আপনি সামনে এগিয়ে আসবেন। রেলিংয়ের ওপর হাত রাখবেন—যাতে সবাই দেখতে পায়। না হলে মহিলারা আপনার আঙুল ধরে খেলতে শুরু করবে। আর তখন—অবশেষে—আপনার কথা বলার পালা। আমি জানি না, সেই মুহূর্ত পর্যন্ত অপেক্ষার উত্তেজনা আমি কীভাবে সহ্য করব।
আপনার বক্তব্যে কোনো সংযম রাখবেন না। সত্যকে বজ্রধ্বনির মতো উচ্চারণ করুন। বক্সের রেলিংয়ের ওপর ঝুঁকে পড়ে চিৎকার করুন—হ্যাঁ, চিৎকার করে কমান্ড্যান্টের মুখের ওপর আপনার অটল মতামত জানিয়ে দিন। তবে হয়তো আপনি তা করতে চাইবেন না—এটা আপনার স্বভাবের সঙ্গে মেলে না। আপনার দেশে হয়তো এমন পরিস্থিতিতে মানুষ ভিন্নভাবে আচরণ করে। তাতেও কোনো অসুবিধা নেই—সেটাই যথেষ্ট। আপনাকে দাঁড়াতেও হবে না। শুধু কয়েকটি কথা বলবেন—এত নিচু স্বরে যে নিচে বসে থাকা কর্মকর্তারাই কেবল তা শুনতে পান। সেটাই যথেষ্ট। আপনাকে নিজে থেকে বলতে হবে না যে মৃত্যুদণ্ডে কেউ উপস্থিত ছিল না, সেই কর্কশ চাকার শব্দ, ছেঁড়া ফিতে, কিংবা সেই ঘৃণ্য গোঁজের কথা—না, বাকিটা আমি সামলে নেব। আর বিশ্বাস করুন, যদি আমার বক্তৃতা তাঁকে সভাকক্ষ থেকে বের করে না দেয়, তাহলে তাঁকে হাঁটু গেড়ে স্বীকার করতেই হবে—‘হে পূর্বতন কমান্ড্যান্ট, তোমার সামনে আমি মাথা নত করছি।’
এই হল আমার পরিকল্পনা। এর বাস্তবায়নে আপনি কী আমাকে সাহায্য করবেন? আপনি করবেন—হ্যাঁ, আপনাকে করতেই হবে।”
এই বলে অফিসার অভিযাত্রীর বাহু-দুটি শক্ত করে ধরে হাঁপাতে হাঁপাতে তাঁর মুখের দিকে তাকিয়ে রইলেন। শেষের কথাগুলো তিনি এত জোরে চিৎকার করে বলেছিলেন যে সৈনিক আর দণ্ডিত লোকটিও সজাগ হয়ে উঠল। তারা কিছুই বুঝতে পারেনি, তবু খাওয়া থামিয়ে মুখে খাবার চিবোতে চিবোতে অভিযাত্রীর দিকে তাকিয়ে রইল।
তিনি কী উত্তর দেবেন, তা অভিযাত্রীর কাছে শুরু থেকেই পরিষ্কার ছিল। জীবনে তিনি এত কিছু দেখেছেন যে এখানে এসে দ্বিধায় পড়ার কোনো কারণ ছিল না; মূলত তিনি ছিলেন সৎ মানুষ, আর তাঁর ভয়ও ছিল না। তবু সৈনিক আর দণ্ডিত লোকটির দিকে তাকিয়ে তিনি এক মুহূর্তের জন্য থমকে গেলেন। অবশেষে তিনি বললেন—যেমন বলা তাঁর কর্তব্য ছিল—“না।”
অফিসার কয়েকবার পলক ফেললেন, তবু তাঁর দৃষ্টি অভিযাত্রীর ওপরই স্থির রইল।
“আপনি কী একটি ব্যাখ্যা চান?” অভিযাত্রী জিজ্ঞেস করলেন। অফিসার নীরবে মাথা নাড়লেন।
“আমি এই পদ্ধতির বিরোধী,” অভিযাত্রী বললেন। “আপনি আমাকে আপনার আস্থাভাজন করার আগেই—আর এই আস্থার অপব্যবহার আমি কোনো অবস্থাতেই করব না—আমি ভেবে দেখেছিলাম, এই পদ্ধতির বিরুদ্ধে হস্তক্ষেপ করার অধিকার আদৌ আমার আছে কি না, এবং তাতে সামান্য সাফল্যের সম্ভাবনাও আছে কি না। প্রথমে কার কাছে যেতে হবে, সেটাও আমার কাছে স্পষ্ট ছিল—অবশ্যই কমান্ড্যান্টের কাছে। আপনি বিষয়টি আমার কাছে আরও পরিষ্কার করে দিয়েছেন, তবে এতে আমার সিদ্ধান্ত আরও দৃঢ় হয়নি—বরং উল্টোটা। আপনার আন্তরিক বিশ্বাস আমাকে স্পর্শ করেছে বটে, কিন্তু তা আমাকে বিচলিত করতে পারেনি।”
অফিসার নীরবই রইলেন। তারপর তিনি যন্ত্রটির দিকে ফিরে দাঁড়ালেন, পিতলের একটি দণ্ড ধরে সামান্য পেছনে হেলে উপরের শিলালিপিকার-যন্ত্রটির দিকে তাকালেন—যেন পরীক্ষা করে দেখছেন সব ঠিকঠাক আছে কি না। এদিকে সৈনিক আর দণ্ডিত লোকটি যেন ইতিমধ্যে একে অপরের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছে। শক্ত করে বেঁধে রাখা সত্ত্বেও দণ্ডিত লোকটি সৈনিককে নানা ইশারা করছিল; সৈনিক তার দিকে ঝুঁকে পড়ছিল; দণ্ডিত লোকটি তাকে কিছু ফিসফিস করে বলছিল, আর সৈনিক মাথা নাড়ছিল।
অভিযাত্রী অফিসারের কাছে এগিয়ে গিয়ে বললেন—“আপনি এখনও জানেন না আমি কী করতে চাই। এই পদ্ধতি সম্পর্কে আমার মতামত আমি কমান্ড্যান্টকে বলব ঠিকই, তবে কোনো সভায় নয়—একান্তে। আর আমি এখানেও এতদিন থাকব না যে কোনো সভায় উপস্থিত থাকতে পারি। কাল ভোরেই আমি রওনা হব—অন্তত জাহাজে উঠে পড়ব।” দেখে মনে হল অফিসার যেন তার কথা শুনতেই পাননি।
“তাহলে এই পদ্ধতি আপনাকে সন্তুষ্ট করতে পারেনি,” তিনি যেন নিজের সঙ্গেই কথা বললেন। তারপর এমনভাবে হাসলেন—যেমন কোনো বৃদ্ধ একটি শিশুর সরলতায় হাসে, অথচ সেই হাসির আড়ালে নিজের গভীর চিন্তাকে লুকিয়ে রাখে।
“তাহলে সময় হয়ে গেছে,” তিনি অবশেষে বললেন এবং হঠাৎ উজ্জ্বল চোখে অভিযাত্রীর দিকে তাকালেন—সেই দৃষ্টিতে যেন তাকে কোনোভাবে এতে অংশ নেওয়ার আহ্বান ছিল।
“কীসের সময়?” অভিযাত্রী উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলেন। কিন্তু তিনি কোনো উত্তর পেলেন না।
“তুমি মুক্ত,” অফিসার দণ্ডিত লোকটিকে তাঁর নিজের ভাষায় বললেন। দণ্ডিত লোকটি প্রথমে তা বিশ্বাসই করতে পারল না। “হ্যাঁ, তুমি মুক্ত,” অফিসার আবার বললেন।
প্রথমবারের মতো দণ্ডিত লোকটির মুখে যেন জীবনের আভাস ফুটে উঠল। এটা কি সত্যি? নাকি অফিসারের কোনো ক্ষণিক খেয়াল—যা আবার বদলে যেতে পারে? সেই বিদেশি অভিযাত্রী কী তাকে দয়া করে মুক্ত করে দিলেন? আসলে কী ঘটল? তার মুখ যেন এই সব প্রশ্নই করছিল। কিন্তু বেশিক্ষণ নয়। যাই হোক না কেন—যদি সত্যিই মুক্ত হওয়া যায়—সে মুক্ত হতে চায়। তাই সে দেহ ঝাঁকাতে শুরু করল, যতটা ফাল তাকে অনুমতি দিচ্ছিল।
“তুমি আমার ফিতেগুলো ছিঁড়ে ফেলছ!” অফিসার চিৎকার করে উঠলেন। “শান্ত থাকো! আমরা তোমাকে খুলে দিচ্ছি।” তিনি সৈনিককে ইশারা করলেন, আর দুজনে মিলে বাঁধন খুলতে শুরু করল।
দণ্ডিত লোকটি নিঃশব্দে নিজের মধ্যে হাসছিল; কখনো অফিসারের দিকে, কখনো সৈনিকের দিকে তাকাচ্ছিল; অভিযাত্রীকেও সে ভুলে যায়নি।
“ওকে বের করে আনো,” অফিসার সৈনিককে আদেশ দিলেন। ফালের কারণে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হল। তাড়াহুড়োর মধ্যে দণ্ডিত লোকটির পিঠে ইতিমধ্যেই কয়েকটি ছোটখাটো কাটাছেঁড়া হয়ে গিয়েছিল। কিন্তু এখন থেকে অফিসার আর তার দিকে প্রায় কোনো মনোযোগই দিলেন না। তিনি অভিযাত্রীর কাছে গিয়ে আবার ছোট চামড়ার ফোল্ডারটি বের করলেন এবং পাতা উল্টাতে লাগলেন; অবশেষে যে কাগজটি খুঁজছিলেন সেটি পেয়ে অভিযাত্রীকে দেখালেন।
“পড়ুন,” তিনি বললেন।
“আমি পারব না,” অভিযাত্রী বললেন। “আমি তো আগেই বলেছি, এই কাগজগুলো আমি পড়তে পারি না।”
“কাগজটা একটু ভালো করে দেখুন,” অফিসার বললেন এবং অভিযাত্রীর পাশে দাঁড়ালেন, যেন দুজনে মিলে পড়বেন। তাতেও কোনো ফল হল না। তখন তিনি নিজের কনিষ্ঠ আঙুলটি বেশ উঁচু করে তুললেন—যেন কাগজটাকে ছোঁয়া কোনো অবস্থাতেই চলবে না—এবং আঙুলটি কাগজের ওপর দিয়ে বোলাতে লাগলেন, যাতে অভিযাত্রীর পড়তে সুবিধা হয়। অভিযাত্রী অন্তত এইটুকুতে তাঁকে সন্তুষ্ট করতে চাইলেন, কিন্তু পড়তে পারার ভান করাও তাঁর পক্ষে সম্ভব হল না। তখন অফিসার অক্ষরগুলো একে একে বানান করে পড়তে শুরু করলেন, তারপর আবার পুরোটা একসঙ্গে পড়লেন। “‘ন্যায়পরায়ণ হও’—এই লেখা আছে,” তিনি বললেন। “এবার তো আপনি পড়তে পারছেন।”
অভিযাত্রী এতটাই ঝুঁকে কাগজটির ওপর তাকালেন যে ছোঁয়ার ভয়ে অফিসার সেটি আরও দূরে সরিয়ে নিলেন। অভিযাত্রী আর কিছু বললেন না, কিন্তু বোঝা গেল তিনি এখনও পড়তে পারেননি। “‘ন্যায়পরায়ণ হও’—এটাই লেখা আছে,” অফিসার আবার বললেন। “হতে পারে,” অভিযাত্রী বললেন। “আমি বিশ্বাস করি, ওখানে সেটাই লেখা আছে।” “ঠিক আছে,” অফিসার বললেন, যেন কিছুটা সন্তুষ্ট।
তারপর তিনি কাগজটি নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলেন। অত্যন্ত যত্ন করে কাগজটি শিলালিপিকার-যন্ত্রে বসালেন, আর তারপর মনে হল যেন চাকার বিন্যাসই পুরো বদলে দিচ্ছেন। কাজটি ছিল বেশ শ্রমসাধ্য; নিশ্চয়ই অত্যন্ত সূক্ষ্ম চাকার ব্যাপার। কখনো কখনো অফিসারের মাথাই শিলালিপিকার-যন্ত্রের ভেতরে পুরো অদৃশ্য হয়ে যাচ্ছিল—এত গভীর মনোযোগ দিয়ে তাঁকে যন্ত্রের দাঁতাল চাকাগুলো পরীক্ষা করতে হচ্ছিল।
অভিযাত্রী নিচে দাঁড়িয়ে অবিরাম সেই কাজটি অনুসরণ করছিলেন। এতক্ষণ সূর্যের আলোয় ঝলসে ওঠা আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে তাঁর ঘাড় শক্ত হয়ে গিয়েছিল, আর চোখও ব্যথা করছিল। এদিকে সৈনিক আর দণ্ডিত লোকটি কেবল নিজেদের নিয়েই ব্যস্ত ছিল। দণ্ডিত লোকটির শার্ট আর প্যান্ট—যা আগেই গর্তে ফেলে দেওয়া হয়েছিল—সৈনিকটি বেয়নেটের ডগা দিয়ে টেনে তুলল। শার্টটি খুব নোংরা ছিল, আর দণ্ডিত লোকটি সেটি জলভর্তি বালতিতে ধুয়ে নিল। তারপর যখন সে শার্ট আর প্যান্ট পরতে গেল, তখন সৈনিক আর দণ্ডিত—দুজনেই হো হো করে হেসে উঠল; কারণ কাপড়গুলো তো পেছন দিক থেকে কাটা ছিল। সম্ভবত দণ্ডিত লোকটি মনে করেছিল সৈনিককে আনন্দ দেওয়া তার কর্তব্য; তাই সে সেই ছেঁড়া পোশাক পরে সৈনিকের সামনে ঘুরে ঘুরে নাচতে লাগল। সৈনিক তখন মাটিতে বসে, হাঁটুতে হাত মেরে মেরে হাসতে লাগল। তবু ভদ্রলোকদের উপস্থিতির কথা মনে করে তারা কিছুটা সংযম রাখছিল।
উপরে অফিসার অবশেষে কাজ শেষ করলেন, তিনি একবার হাসিমুখে পুরো যন্ত্রটাকে তার সব অংশসহ দেখে নিলেন। এবার তিনি শিলালিপিকার-যন্ত্রটির ঢাকনা বন্ধ করলেন—যেটা এতক্ষণ খোলা ছিল। তারপর নেমে এসে গর্তের ভেতর তাকালেন, তারপর দণ্ডিত লোকটির দিকে। তিনি সন্তুষ্ট হলেন যে লোকটি নিজের কাপড় তুলে নিয়েছে।
তারপর তিনি হাত ধোয়ার জন্য জলের বালতির কাছে গেলেন। কিন্তু খুব দেরিতে তিনি বুঝলেন—জলটি ভীষণ নোংরা; হাত ধোয়া সম্ভব নয়। তিনি কিছুটা বিষণ্ণ হয়ে পড়লেন। অবশেষে তিনি বাধ্য হয়ে হাত দুটো বালির মধ্যে ডুবিয়ে দিলেন—যদিও তিনি সন্তুষ্ট হতে পারেননি, কিন্তু অন্য উপায়ও ছিল না। এরপর তিনি উঠে দাঁড়ালেন এবং কোটের বোতাম খুলতে শুরু করলেন। এ সময় প্রথমেই তাঁর হাতে এসে পড়ল দুটি মহিলাদের রুমাল, যা তিনি কলারের পেছনে গুঁজে রেখেছিলেন। “নাও তোমার রুমাল,” তিনি বললেন এবং সেগুলো দণ্ডিত লোকটির দিকে ছুড়ে দিলেন। এরপর অভিযাত্রীর দিকে মুখ ঘুরিয়ে ব্যাখ্যা করলেন—“ভদ্রমহিলাদের উপহার।”
যদিও স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি তাড়াহুড়ো করছেন—ইউনিফর্ম খুলে সম্পূর্ণ নগ্ন হয়ে পড়ার তাড়াহুড়ো—তবু প্রতিটি পোশাক খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি সেটিকে গভীর যত্নে হাতে ধরে দেখছিলেন। এমনকি তাঁর সামরিক কোটে লাগানো তকমা আর তার চারপাশের রেশমগুচ্ছের ওপর আঙুল দিয়ে আলতো করে হাত বুলিয়ে সেগুলো সোজা করছিলেন, আর একটি ঝুলে থাকা দড়ির গুচ্ছও ঠিক করে দিচ্ছিলেন। কিন্তু এই যত্নের সঙ্গে যেন এক অদ্ভুত বৈপরীত্য লুকিয়ে ছিল। কোনো একটি পোশাক খুলে গুছিয়ে রাখা মাত্রই, পরের মুহূর্তেই অস্থির বিরক্তিতে সেটি গর্তে ছুড়ে ফেলছিলেন। শেষ যে বস্তুটি তাঁর হাতে রইল, তা ছিল একটি ছোট তলোয়ার, চামড়ার খাপসহ। তিনি তলোয়ারটি টেনে বের করলেন এবং ভেঙে ফেললেন। এরপর ভাঙা টুকরোগুলো, খাপ আর বেল্ট—সব একসাথে ধরে এমন জোরে গর্তে ছুড়ে ফেললেন যে নিচে পড়ে সেগুলো একে অপরের সঙ্গে ঠকঠক করে ধাক্কা খেল।
এখন তিনি সম্পূর্ণ নগ্ন। অভিযাত্রী ঠোঁট কামড়ে ধরলেন, কিন্তু কিছু বললেন না। অবশ্য তিনি জানতেন, এখন কী ঘটতে চলেছে; তবু অফিসারকে কোনো কিছুর থেকে বিরত করার অধিকার তার নেই। যে বিচারপ্রক্রিয়ার প্রতি অফিসার এত অনুরক্ত—যদি তা সত্যিই বিলুপ্তির এত কাছাকাছি এসে পৌঁছেছে, সম্ভবত অভিযাত্রীর হস্তক্ষেপের কারণে—আর সেই হস্তক্ষেপের দায় তিনি নিজেও অনুভব করেন—তাহলে অফিসার যা করছেন, তা সম্পূর্ণ ঠিক। অভিযাত্রী যদি তাঁর স্থানে থাকতেন, হয়তো এর চেয়ে ভিন্ন কিছু করতেন না।
সৈনিক আর দণ্ডিত লোকটি প্রথমে কিছুই বুঝতে পারল না; শুরুতে তারা তাকিয়েও দেখেনি। দণ্ডিত লোকটি রুমাল দুটো ফিরে পেয়ে খুব আনন্দিত হয়েছিল, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না—সৈনিক হঠাৎ দ্রুত এক ঝটকায় সেগুলো তার কাছ থেকে কেড়ে নিল। তখন দণ্ডিত লোকটি আবার চেষ্টা করল সৈনিকের কোমরের বেল্টের পেছন থেকে রুমালগুলো টেনে বের করতে, যেখানে সে সেগুলো গুঁজে রেখেছিল। কিন্তু সৈনিক সতর্ক ছিল। ফলে তারা আধা-ঠাট্টা আধা-ঝগড়ার ভঙ্গিতে ধস্তাধস্তি করতে লাগল।
অফিসার সম্পূর্ণ নগ্ন হয়ে দাঁড়াতেই তারা খেয়াল করল। বিশেষ করে দণ্ডিত লোকটির মনে যেন কোনো বড় পরিবর্তনের পূর্বাভাস জেগে উঠল। তার সঙ্গে যা ঘটেছিল, এখন অফিসারের সঙ্গেও তাই ঘটছে। হয়তো ঘটনাটা শেষ সীমা পর্যন্ত গড়াবে। সম্ভবত সেই বিদেশি অভিযাত্রীই এই নির্দেশ দিয়েছে। তাহলে এটাই প্রতিশোধ। সে নিজে শেষ পর্যন্ত যন্ত্রণা ভোগ না করলেও, তবু শেষ পর্যন্ত প্রতিশোধ নেওয়া হয়েছে। তার মুখে এখন একটি প্রশস্ত, নিঃশব্দ হাসি ফুটে উঠল—আর তা আর মিলিয়ে গেল না।
এদিকে অফিসার যন্ত্রটির দিকে ফিরে গিয়েছিলেন। আগেই বোঝা গিয়েছিল যে তিনি যন্ত্রটিকে খুব ভালো বোঝেন, কিন্তু এখন যেভাবে তিনি সেটি চালাচ্ছিলেন, তা প্রায় বিস্মিত করে দেওয়ার মতো। আর যন্ত্রটিও যেন তাঁর নির্দেশ মেনে চলছিল। তিনি শুধু ফালের দিকে হাত বাড়াতেই সেটি কয়েকবার উঠল-নামল, যতক্ষণ না তাঁকে গ্রহণ করার জন্য ঠিক অবস্থানে পৌঁছাল। তিনি শয্যার কিনারায় হাত রাখতেই সেটি কেঁপে উঠল। কাপড়ের টুকরোটি তাঁর মুখের দিকে এগিয়ে এল; বোঝা গেল অফিসার আসলে সেটি নিতে চাইছিলেন না, কিন্তু সেই দ্বিধা মাত্র এক মুহূর্ত স্থায়ী হল—পরক্ষণেই তিনি নিজেকে মানিয়ে নিয়ে সেটি মুখে নিলেন। সবকিছু প্রস্তুত—শুধু ফিতেগুলো দুপাশে ঝুলছিল। কিন্তু সেগুলো যেন অপ্রয়োজনীয়; অফিসারকে বেঁধে রাখার দরকার নেই।
ঠিক তখনই দণ্ডিত লোকটির চোখে পড়ল ঢিলে ঝুলে থাকা ফিতেগুলো। তার মনে হল, ফিতেগুলো শক্ত করে বাঁধা না হলে মৃত্যুদণ্ড সম্পূর্ণ হয় না। সে তৎপর ভঙ্গিতে সৈনিককে ইশারা করল, আর দুজনে দৌড়ে গেল অফিসারকে বেঁধে দিতে। অফিসার তখন ইতিমধ্যে একটি পা বাড়িয়ে দিয়েছিলেন সেই হাতলের দিকে, যা ঘুরিয়ে শিলালিপিকার-যন্ত্রটি চালু করতে হয়। কিন্তু তিনি দেখলেন দুজন এগিয়ে আসছে; তাই তিনি পা সরিয়ে নিলেন এবং নিজেকে বেঁধে নিতে দিলেন। এখন অবশ্য তিনি আর হাতলটায় পৌঁছাতে পারতেন না। সৈনিক বা দণ্ডিত—কেউই সেটি খুঁজে পেত না। আর অভিযাত্রীও স্থির করেছিল, তিনি নড়বেন না। কিন্তু তার প্রয়োজনই হল না। ফিতেগুলো বাঁধা মাত্রই যন্ত্রটি নিজে থেকেই কাজ শুরু করল। শয্যা কেঁপে উঠল, সূঁচগুলো ত্বকের ওপর নাচতে লাগল, ফাল উঠানামা করতে লাগল। অভিযাত্রী কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন, তারপর তাঁর মনে পড়ল—শিলালিপিকার-যন্ত্রের ভেতরে একটি চাকা তো কিঁচ কিঁচ শব্দ করার কথা ছিল। কিন্তু সবকিছুই নিস্তব্ধ; সামান্য গুঞ্জনও শোনা গেল না।
এই নিঃশব্দ কর্মযজ্ঞের কারণে যন্ত্রটি যেন ধীরে ধীরে মনোযোগের বাইরে সরে যাচ্ছিল। অভিযাত্রী তখন সৈনিক আর দণ্ডিত লোকটির দিকে তাকালেন। দণ্ডিত লোকটিই ছিল বেশি উত্তেজিত; যন্ত্রের সবকিছুই তাকে আকৃষ্ট করছিল। কখনো সে ঝুঁকে পড়ছে, কখনো আবার সোজা হয়ে দাঁড়াচ্ছে; তার তর্জনী সবসময়ই বাড়ানো—সৈনিককে কিছু দেখানোর জন্য। অভিযাত্রীর কাছে এটা অস্বস্তিকর লাগছিল। তিনি স্থির করেছিলেন শেষ পর্যন্ত এখানে থাকবেন, কিন্তু এই দুজনের দৃশ্য তিনি বেশিক্ষণ সহ্য করতে পারবেন না।
“বাড়ি যাও,” তিনি বললেন।
সৈনিক হয়তো রাজি হয়ে যেত, কিন্তু দণ্ডিত লোকটি এই আদেশটাকে প্রায় শাস্তি হিসেবেই নিল। সে হাত জোড় করে অনুনয় করতে লাগল যেন তাকে এখানে থাকতে দেওয়া হয়। অভিযাত্রী যখন মাথা নেড়ে অস্বীকার করল, তখন সে হাঁটু গেড়েও বসে পড়ল। অভিযাত্রী বুঝলেন এখানে আদেশে কাজ হবে না; তিনি নিজেই এগিয়ে গিয়ে দুজনকে তাড়িয়ে দিতে চাইলেন। ঠিক তখনই তিনি উপরে শিলালিপিকার-যন্ত্রের ভেতর একটি শব্দ শুনতে পেলেন। তিনি তাকিয়ে দেখলেন। তাহলে কী সেই দাঁতাল-চাকাটা সত্যিই গোলমাল করছিল? কিন্তু ব্যাপারটা অন্যরকম। ধীরে ধীরে শিলালিপিকার-যন্ত্রের ঢাকনাটা ওপরে উঠল, তারপর পুরোপুরি খুলে গেল। একটি চাকার দাঁত দেখা গেল, সেটি ওপরে উঠতে লাগল; অল্পক্ষণেই পুরো চাকাটাই বেরিয়ে এল। যেন কোনো বিরাট শক্তি যন্ত্রটাকে ভেতর থেকে চেপে ধরছে—ফলে এই চাকাটির আর জায়গা নেই। চাকাটি ঘুরতে ঘুরতে যন্ত্রের কিনারায় এসে পড়ল, তারপর নিচে পড়ে বালির ওপর কিছুটা গড়িয়ে থেমে গেল। কিন্তু সঙ্গে সঙ্গেই আরেকটি চাকা ওপরে উঠল—তারপর আরও অনেক। বড়, ছোট, প্রায় একরকম দেখতে। সবারই একই পরিণতি—উঠে আসা, পড়ে যাওয়া, বালির ওপর গড়ানো, তারপর থেমে যাওয়া। প্রতিবার মনে হচ্ছিল এবার নিশ্চয়ই শিলালিপিকার-যন্ত্রটি খালি হয়ে গেছে; কিন্তু আবারও একটি নতুন দল দেখা দিচ্ছিল—আরও অনেকগুলো চাকা, একসঙ্গে উঠে আসছে, পড়ে যাচ্ছে, বালির ওপর গড়িয়ে পড়ে থাকছে।
এই দৃশ্যের মধ্যে দণ্ডিত লোকটি অভিযাত্রীর আদেশ একেবারেই ভুলে গেল। চাকাগুলো তাকে পুরোপুরি মুগ্ধ করে ফেলেছিল। সে বারবার একটি ধরতে চাইছিল, সৈনিককেও তাকে সাহায্য করতে বলছিল; কিন্তু আবার ভয়ে হাত সরিয়ে নিচ্ছিল—কারণ সঙ্গে সঙ্গে আরেকটি চাকা বেরিয়ে আসছিল, যা প্রথমে গড়ানোর সময় তাকে অন্তত একটু ভয় পাইয়ে দিচ্ছিল।
অভিযাত্রী ভীষণ অস্থির হয়ে উঠলেন। যন্ত্রটি স্পষ্টতই ভেঙে পড়ছিল; এতক্ষণ ধরে চলা শান্ত গতি যেন একপ্রকার প্রতারণা। মনে হল, এবার অফিসারের দায়িত্ব নিজের কাঁধে নিতে হবে, কারণ অফিসার আর নিজের দেখভাল করতে পারছেন না। কিন্তু দাঁতাল-চাকাগুলোর পড়ে যাওয়া তার সমস্ত মনোযোগ কেড়ে নিয়েছিল; ফলে যন্ত্রের বাকি অংশের দিকে চোখ দিতে পারলেন না। শেষ চাকাটি যখন শিলালিপিকার-যন্ত্র থেকে বেরিয়ে এল, তিনি ঝুঁকে পড়লেন ফালের দিকে—আর সঙ্গে সঙ্গে আরও ভয়াবহ এক বিস্ময় তাঁকে আঘাত করল। ফাল লিখছিল না, কেবল বিদ্ধ করছিল। শয্যাটিও শরীরকে ঘুরিয়ে দিচ্ছিল না; বরং কাঁপতে কাঁপতে কেবল সূঁচগুলোর মধ্যে বিঁধে দিচ্ছিল।
অভিযাত্রী হস্তক্ষেপ করতে চাইলেন—সম্ভবত পুরো যন্ত্রটাকে থামিপয়ে দিতে। কারণ এটা আর সেই যন্ত্রণা ছিল না, যা অফিসার চেয়েছিলেন; এটা সরাসরি হত্যা। তিনি হাত বাড়ালেন। কিন্তু ততক্ষণে ফাল বিদ্ধ শরীরটিকে পাশে তুলে ফেলেছে—যেমনটা সাধারণত বারোতম ঘণ্টায় ঘটে। রক্ত শতধারায় বইতে লাগল—জলের সঙ্গে মিশে নয়, কারণ জলের নলগুলো এবার কাজ করল না। আর এবার শেষ ত্রুটিটিও দেখা দিল: শরীরটি সূঁচগুলো থেকে আলাদা হল না; রক্ত ঝরতে লাগল, কিন্তু দেহটি গর্তের ওপর ঝুলে রইল—নিচে পড়ল না। ফাল যেন আগের অবস্থায় ফিরে যেতে চাইছিল; কিন্তু মনে হচ্ছিল নিজেই বুঝতে পারছে যে এখনও এটি পুরোপুরি ভারমুক্ত হয়নি—তাই গর্তের ওপর স্থির হয়ে রইল।
“সাহায্য করো!” অভিযাত্রী চিৎকার করে উঠলেন সৈনিক ও দণ্ডিত লোকটির দিকে। তিনি নিজেই অফিসারের পা ধরে ফেললেন। পরিকল্পনা ছিল—তিনি পায়ের দিক থেকে টান দেবেন, আর অন্য দুজন মাথার দিক ধরে রাখবে; তখন ধীরে ধীরে অফিসারের দেহকে সূঁচ থেকে নামানো সম্ভব হবে। কিন্তু দুজনের কেউই এগিয়ে আসতে সাহস পেল না। দণ্ডিত লোকটি তো একেবারে ঘুরে দাঁড়াল। তাই অভিযাত্রী নিজেই তাদের দিকে এগিয়ে গেল এবং জোর করে অফিসারের মাথার দিকে দেহটি নিয়ে এল।
প্রায় অজান্তেই তাঁর চোখ পড়ল মৃতদেহটির মুখের ওপর। মুখের অভিব্যক্তি ঠিক যেমন জীবিত অবস্থায় ছিল, তেমনই রয়ে গেছে; সেই প্রতিশ্রুত সেই মুক্তির কোনো চিহ্ন সেখানে নেই। যন্ত্রের মধ্যে অন্যরা যা পেয়েছিল—অফিসার তা পাননি। ঠোঁট শক্ত করে চেপে আছে, চোখ খোলা—জীবনের মতোই এক দৃষ্টি; শান্ত, দৃঢ়। আর কপাল ভেদ করে বেরিয়ে আছে বড় লোহার সূঁচের তীক্ষ্ণ অগ্রভাগ।
*** ***
অভিযাত্রী, তাঁর পেছনে সৈনিক ও দণ্ডিত লোকটিকে নিয়ে, উপনিবেশের প্রথম কয়েকটি বাড়ির কাছে পৌঁছালেন। সৈনিক একটি বাড়ির দিকে ইশারা করে বলল, “এটাই চায়ের দোকান।”
বাড়িটার নিচতলায় ছিল এক গভীর, নিচু, গুহার মতো ঘর—দেয়াল আর ছাদ ধোঁয়ায় কালো। রাস্তার দিকে পুরোটা খোলা। চায়ের দোকানটি উপনিবেশের অন্যান্য বাড়িগুলোর থেকে খুব একটা আলাদা নয়—কমান্ড্যান্টের প্রাসাদসদৃশ ভবন ছাড়া বাকিগুলো সবই প্রায় ভগ্নদশা। তবু এই জায়গাটি অভিযাত্রীর মনে যেন কোনো পুরনো ঐতিহাসিক স্মৃতির ছাপ ফেলল; তিনি যেন অতীতের শক্তি অনুভব করলেন। তিনি কাছে এগিয়ে গেলেন; সঙ্গীরা পেছনে। চায়ের দোকানের সামনে রাস্তার ওপর রাখা খালি টেবিলগুলোর ফাঁক দিয়ে হাঁটতে হাঁটতে তিনি ভেতর থেকে আসা ঠান্ডা, ভারী বাতাসে গভীর শ্বাস নিলেন।
“বৃদ্ধটি এখানে সমাধিস্থ,” সৈনিক বলল। “গির্জার পুরোহিত তাঁকে কবরস্থানে জায়গা দিতে অস্বীকার করেছিলেন। কিছুদিন সবাই দ্বিধায় ছিল তাঁকে কোথায় কবর দেওয়া হবে; শেষে এখানে কবর দেওয়া হয়। অফিসার নিশ্চয়ই আপনাকে এটা বলেননি—কারণ এই বিষয়টাই তিনি সবচেয়ে বেশি লজ্জার মনে করতেন। এমনকি তিনি কয়েকবার রাতে এসে বৃদ্ধটিকে কবর থেকে তুলে আনতে চেয়েছিলেন, কিন্তু প্রতিবারই তাঁকে তাড়িয়ে দেওয়া হয়েছে।”
“কোথায় কবরটা?” অভিযাত্রী জিজ্ঞেস করলেন—তিনি সৈনিকের কথা বিশ্বাস করতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে সৈনিক আর দণ্ডিত লোকটি তাঁর সামনে দৌড়ে গেল এবং হাত বাড়িয়ে একটি জায়গা দেখাল। তারা তাঁকে পেছনের দেয়ালের কাছে নিয়ে গেল, যেখানে কয়েকটি টেবিলে অতিথিরা বসেছিল। সম্ভবত তারা ছিল বন্দরের শ্রমিক—বলিষ্ঠ, ছোট কিন্তু চকচকে কালো দাড়ি। কারও গায়ে কোট নেই; শার্ট ছেঁড়া। দরিদ্র, অবহেলিত। অভিযাত্রী কাছে যেতেই তারা উঠে দেয়ালের দিকে সরে তাঁর দিকে তাকিয়ে রইল। “একজন বিদেশি,” ফিসফিস শব্দ ছড়িয়ে পড়ল, “উনি কবরটা দেখতে এসেছেন।” তারা একটি টেবিল সরিয়ে দিল। টেবিলের নিচে সত্যিই একটি সমাধিফলক। সাধারণ পাথর—এতটাই নিচু যে টেবিলের নিচে লুকিয়ে রাখা যায়। তাতে খুব ছোট অক্ষরে কিছু একটা লেখা ছিল। পড়তে হলে অভিযাত্রীকে হাঁটু গেড়ে বসতে হল। লেখা ছিল—
“এখানে শায়িত আছেন পুরনো কমান্ড্যান্ট। তাঁর অনুসারীরা—যাদের নাম এখন উচ্চারণ করা নিষিদ্ধ—এই কবর খুঁড়ে স্থাপন করেছে পাথরটি। একটি ভবিষ্যদ্বাণী: কয়েক বছর পর কমান্ড্যান্ট পুনরুত্থিত হবেন আর এখান থেকেই তাঁর অনুসারীদের নিয়ে উপনিবেশ পুনরায় দখল করবেন। বিশ্বাস রাখো, ধৈর্য ধরো।”
অভিযাত্রী লেখা পড়ে উঠে দাঁড়ালেন এবং চারপাশে থাকা লোকদের মুখে হাসি দেখলেন—যেন তারা নিজেও সেই লেখা পড়ে তা হাস্যকর মনে করেছে এবং তাকে তাদের সঙ্গে একমত হতে আহ্বান জানাচ্ছে। অভিযাত্রী এমন ভান করলেন যেন কিছুই খেয়াল করেননি। তিনি কয়েকটি মুদ্রা তাদের হাতে দিলেন, অপেক্ষা করলেন যতক্ষণ না টেবিলটি আবার কবরের ওপর স্থাপন করা হয়, তারপর চায়ের দোকান থেকে বেরিয়ে বন্দরের দিকে রওনা দিলেন।
*** ***
সৈনিক আর দণ্ডিত লোকটি চায়ের দোকানে কিছু পরিচিত মুখ লক্ষ্য করল—যাদের কাছে তারা আগে বাঁধা পড়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই তারা নিজেদের মুক্ত করতে সমর্থ হল। অভিযাত্রী যখন বন্দরের দিকে নামা দীর্ঘ সিঁড়ির প্রায় মাঝামাঝি, তারা দুজন চুপচাপ তাঁর পেছনে ছুটছিল। সম্ভবত শেষ মুহূর্তে তারা অভিযাত্রীকে বাধ্য করতে চাইছিল যাতে তিনি তাদের সঙ্গে নেয়। অভিযাত্রী নিচে মাঝির সঙ্গে জাহাজে পৌঁছানোর ভাড়ার কথা বলছিলেন, দুজন নীরবে সিঁড়ি বেয়ে দৌড়ে নামছিল—চিৎকার করার সাহস তাদের ছিল না। কিন্তু তারা যখন নিচে পৌঁছাল, অভিযাত্রী তখন ইতিমধ্যে নৌকায় উঠে পড়েছেন। মাঝি নৌকাটিকে তীর থেকে ঠেলে ছেড়ে দিচ্ছিল। তারা চাইলে এখনও লাফিয়ে নৌকায় উঠতে পারত। কিন্তু অভিযাত্রী মেঝেতে পড়ে থাকা একটি মোটা গিঁট-দেওয়া দড়ি তুলে ধরে ওদের ধমক দিলেন।
ফলে তারা লাফ দেওয়ার সাহস পেল না।
(এই বইটি ১৯১৯ সালের মে মাসে ড্রাগুলিন প্রিন্টের নতুন সিরিজের চতুর্থ ভল্যুমে ১০০০ কপি মুদ্রিত হয়েছিল।)